জিপ কোডের ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২২ এএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২৫ অক্টোবর রোববার, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে। চলবে। এ উপলক্ষে নিউইয়র্কের পাঁচটি এলাকায় ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ভোটারদের আবাসিক ঠিকানার জিপ কোডের ভিত্তিতে কেন্দ্র নির্ধারণ করে বিস্তারিত বিজ্ঞপ্তি সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, কুইন্সের উডসাইড, ওজোন পার্ক ও জ্যামাইকা এবং ব্রুকলিন ও ব্রঙ্কসে একটি করে মোট পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
উডসাইডের ভোটকেন্দ্র ৫৮ ম্যানোর, ৫৮-০২ ৩৭ এভিনিউ, উডসাইড, এনওয়াই ১১৩৭৭; ওজোন পার্কের কেন্দ্র ম্যাজেস্টিক মারকুইস, ৮৮-০৩ ১০১ এভিনিউ ওজোন পার্ক, এনওয়াই ১১৪১৬; ব্রুকলিনের কেন্দ্র কালাম’স হল, ৯৬ চার্চ এভিনিউ, ব্রুকলিন, এনওয়াই ১১২১৮; ব্রঙ্কসের কেন্দ্র গোল্ডেন প্যালেস ব্যাঙ্কুইট হল, ১৪৫১ ইউনিপোর্ট রোড, ব্রঙ্কস, এনওয়াই ১০৪৬২; এবং জ্যামাইকার কেন্দ্র অঙ্গন পার্টি হল, ৮৯-১৬ ১৭৫ স্ট্রিট, স্যুইট # সিএফ২, জ্যামাইকা এনওয়াই ১১২৪৩২।
কমিশন জানিয়েছে, ভোটারদের প্রকাশিত জিপ কোডের তালিকা অনুযায়ী নিজ নিজ নির্ধারিত কেন্দ্রে ভোট দিতে হবে। এক কেন্দ্রের ভোটার অন্য কেন্দ্রে ভোট দিতে পারবেন না। তাই নির্বাচনের আগেই নিজেদের ভোটকেন্দ্র নিশ্চিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ভোট দেওয়ার সময় ছবিসংবলিত বৈধ পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক। ড্রাইভিং লাইসেন্স, স্টেট আইডি, নিউইয়র্ক সিটি আইডি, গ্রিন কার্ড, ওয়ার্ক অথরাইজেশন কার্ড অথবা পাসপোর্ট পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হবে। পরিচয়পত্রে থাকা নাম ও জন্মসাল ভোটার তালিকার তথ্যের সঙ্গে মিলতে হবে। ভোটকেন্দ্রের ২০০ ফুটের মধ্যে নির্বাচনী প্রচারণা, পোস্টার-ব্যানার লাগানো ও লিফলেট বিতরণ নিষিদ্ধ করা হয়েছে।
কেন্দ্রের আশপাশে মাইক বা অন্য কোনো শব্দসৃষ্টিকারী যন্ত্র ব্যবহারও নিষিদ্ধ। নির্বাচন চলাকালে অনিয়ম বা বেআইনি কর্মকাণ্ড ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কমিশন।নির্বাচনসংক্রান্ত বিস্তারিত তথ্য ও জিপ কোডভিত্তিক ভোটকেন্দ্রের তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও জানা যাবে।
