বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৫৯ এএম, ১৭ অক্টোবর ২০২৬ শনিবার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কের আয়োজন করেছে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড (এফবিডব্লিউ)। গত ৭ অক্টোবর, বুধবার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপস্থাপক খালেদ মহিউদ্দিন। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‘আমরা ভবিষ্যতে একটি জনকল্যাণমূলক বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’-এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত বিতর্কে বাংলাদেশ সোসাইটিকে আরও কার্যকর, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বিতর্কে সভাপতি পদে দুই প্যানেলের প্রার্থী আথাউর রহমান সালিম ও আজমল হোসেন কুনু অংশ নেন। সাধারণ সম্পাদক পদে দুই প্যানেলের প্রার্থী মোহাম্মদ আলী ও ফিরোজ আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী রব্বি সৈয়দ অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিতর্কের আদলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রার্থীরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, নেতৃত্বের দায়বদ্ধতা এবং কমিউনিটির প্রত্যাশা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।
বাংলাদেশ সোসাইটির ৫০ বছরের ইতিহাসে এ ধরনের নির্বাচনী বিতর্ককে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন আয়োজকেরা। তাঁদের মতে, নির্বাচনের আগে প্রার্থীদের পরিকল্পনা, দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার সম্পর্কে ভোটারদের সরাসরি জানার সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
বিতর্কে বাংলাদেশ সোসাইটিকে আরও কার্যকর করার জন্য সাংগঠনিক উন্নয়ন, নতুন কর্মসূচি গ্রহণ, প্রবাসী বাংলাদেশিদের সম্মিলিত শক্তিকে জনকল্যাণে কাজে লাগানো এবং নতুন প্রজন্মকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি ভোটার পদ্ধতির সংস্কার, আর্থিক স্বচ্ছতা, ব্যয়ের লাগাম টেনে ধরে সদস্যদের কল্যাণে বেশি অর্থ ব্যয়, প্রশাসনিক জবাবদিহিতা এবং অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।
প্রার্থীরা বাংলাদেশ সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সংগঠনের সম্পদ ও অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং সদস্যদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। একটি আধুনিক, কার্যকর ও জনকল্যাণমুখী সংগঠন প্রতিষ্ঠায় পরিকল্পিত উদ্যোগ এবং নেতৃত্বের জবাবদিহিতা অপরিহার্য বলেও আলোচনায় উঠে আসে।
অনুষ্ঠানটি বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার ও অনলাইনে প্রচার করা হয়। ঠিকানা টিভি এবং টাইম টিভি পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। এ ছাড়া আইবিটিভিসহ অন্যান্য গণমাধ্যম, ব্লগার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে অনুষ্ঠানটির প্রচার হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠিকানা পত্রিকার এম এম শাহীন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সভাপতি শহিদুল হক, বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার নাসির খান পল, শাহজাহান শেখ, তরিকুল হোসেন বাদল, এম এ আজিজসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। অনুষ্ঠানের শেষপর্যায়ে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সুবহান এবং পরিচালক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
