বিংহ্যামটনে মিউজিক্যাল নাইট ১১ অক্টোবর
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৭:২১ এএম, ১০ অক্টোবর ২০২৬ শনিবার
বাংলাদেশি সংস্কৃতি, সংগীত ও বিনোদনের পসরা সাজিয়ে কমিউনিটির মিলনমেলায় পরিণত হবে নিউইয়র্কের গ্রেটার বিংহ্যামটনের ভেস্টালে অনুষ্ঠেয় বর্ণাঢ্য ‘মিউজিক্যাল নাইট ও ফল ফেয়ার’। আগামী কাল রোববার, ১১ অক্টোবর, বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ভেস্টালের আইসিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই বিশেষ আয়োজন।
থ্রি এমএমএম করপোরেশনের আয়োজনে অনুষ্ঠানে থাকছে সংগীত, চলচ্চিত্র তারকাদের বিশেষ উপস্থিতি, স্থানীয় শিল্পীদের পরিবেশনা, বাংলাদেশি খাবার, ফ্যাশন স্টল, র্যাফেল ড্র সহ নানা আয়োজন।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র তারকা মৌসুমী ও শাকিল খান। তারা অনুষ্ঠানে স্পেশাল এপিয়ারেন্স হিসেবে দর্শকদের সঙ্গে সময় কাটাবেন। চলচ্চিত্র তারকাদের পাশাপাশি মঞ্চ মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী রিজিয়া পারভিন ও কামরুজ্জামান বকুল। তাদের পরিবেশনায় অনুষ্ঠানে যোগ হবে ভিন্ন মাত্রার সংগীতের আবহ।
অনুষ্ঠানের হোস্টের হিসেবে দায়িত্ব পালন করবেন শারমিনা শিরাজ সোনিয়া, যিনি পুরো অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে উপস্থাপন করবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু আমন্ত্রিত তারকারাই নন, অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন। ফলে এটি হবে প্রবাসী বাংলাদেশি শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে একটি বড় ধরনের কমিউনিটি সাংস্কৃতিক আয়োজন।
‘মিউজিক্যাল নাইট ও ফল ফেয়ার’ নামের এই আয়োজনে সংগীতের পাশাপাশি থাকছে ফল ফেয়ার। দর্শনার্থীরা অনুষ্ঠান উপভোগের পাশাপাশি বাংলাদেশি খাবার, পোশাক ও বিভিন্ন পণ্য কেনাকাটার সুযোগ পাবেন। ফুড কর্নারে থাকবে বিভিন্ন ধরনের বাংলাদেশি খাবার। এছাড়া থাকবে ফ্যাশান স্টল, যেখানে বিভিন্ন ধরনের পোশাক ও ফ্যাশন সামগ্রী প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানে দর্শকদের জন্য থাকছে বিশেষ ‘লাকি সেভেন র্যাফেল ড্র’, যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, বৃহত্তর বিংহামটন ও আশপাশের এলাকার প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য কমিউনিটির মানুষও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে ফুড স্টল ও ফ্যাশান স্টল দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। যারা ব্যবসায়িকভাবে অংশ নিতে চান, তারা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে স্টল বুক করতে পারবেন।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মূল লক্ষ্য শুধু বিনোদন নয়-প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক বন্ধন আরও শক্তিশালী করা। সংগীত, চলচ্চিত্র, খাবার, ফ্যাশন ও কমিউনিটি কার্যক্রমের সমন্বয়ে অনুষ্ঠানটিকে একটি পারিবারিক মিলনমেলায় পরিণত করার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে ভেস্টাল ও বৃহত্তর বিংহামটন এলাকার প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যা হয়ে উঠবে।
