যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:১৯ এএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার
যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা গত ২৬ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরীর সভাপতিত্বে উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আবু সাইদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহ-সভাপতি আতিকুল হক আহাদ, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, আমানত হোসেন আমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, নিউইয়র্ক ষ্টেট যুবদলের সাবেক সাবেক সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়া । প্রধান অতিথি যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন তার বক্তব্যে যুবদলের নেতাকর্মীদেরকে সাংগঠনিক দিকনির্দেশনা দিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের নতুন কমিটি গঠনের আশ্বাস প্রদান করেন।
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগদানের জন্য প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালে যুক্তরাষ্ট্র যুবদলের নেতাকর্মীদের সহযোগিতা ও কর্মকাণ্ডের প্রশংসা করে ধন্যবাদ জানান। তিনি বর্তমান সরকারকে সহযোগিতা করতে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশীদেরকে আহ্বান জানান।
