দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:১০ এএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সেবামূলক সংস্থা দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বার্ষিক ফান্ডরেইজিং ও গেট-টুগেদার-২০২৬ আগামী ১১ অক্টোবর আয়োজন করা হয়েছে। এটি কেবল একটি তহবিল সংগ্রহের আয়োজন নয়, বরং ২৫ বছরের অর্জনের আনন্দময় উৎসব, মিলনমেলা এবং সাফল্য-ব্যর্থতার মূল্যায়ন, যেখানে আমরা খুঁজে নেবো দীর্ঘমেয়াদী কল্যাণের প্রণোদনা। দারিদর্্েযর কাছে পরাজয় মানতে অস্বীকার করা এসব প্রতিশ্রুতিশীল তরুণদের স্বপ্ন বাস্তবায়নে এই 'বার্ষিক ফান্ডরেইজিং ও গেট-টুগেদার ২০২৬’ আরেকটি মাইলফলকে ভিত্তিতে পরিণত হবে বলে।
শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার দীর্ঘ পথপরিক্রমায় প্রতি বছরের মতো অপটিমিস্টসের কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে তথ্য ও উপাত্ত বিনিময়, আলোচনা-পর্যালোচনা, এবং নির্দেশনামূলক সুপারিশ লাভের উদ্দেশ্যে আমাদের সম্মানিত দাতা, স্পন্সর, কর্মী ও স্বেচ্ছাসেবীরা এই দিনটিতে সম্মিলিত হচ্ছেন। এই শুভ আয়োজনে শিক্ষা ও সমাজকল্যাণমূলক কাজে বিশেষ অবদান রাখা বেশ কয়েকজন খ্যাতিমান অভিজ্ঞ ও নেতৃত্বশীল ব্যক্তিত্ব অংশগ্রহণ করবেন।
২০০১ সালে একটি অনন্য 'চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রাম'-এর মাধ্যমে দি অপটিমিস্টসের যাত্রা শুরু হয়েছিল, যার মূল শক্তি ছিল শুধুই ব্যক্তিগত অনুদান। এই কর্মসূচির অধীনে বার্ষিক মাত্র ১৩৫ ডলার দিয়ে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ১০ বছরের শিক্ষাজীবন সুরক্ষার নিশ্চয়তা দেওয়া হয়। পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে পরে এই চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামে কিছু পরিবর্তন করা হয়। বর্তমানে চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম শুরু হয় অষ্টম গ্রেড থেকে এবং শেষ হয় দ্বাদশ গ্রেডে। অপর দিকে চালু করা হয় একটি স্পেশাল স্পন্সরশিপ প্রোগ্রাম যা শুরু হয় কলেজ পর্যায় থেকে স্নাতক পর্যায়ের উচ্চতর শিক্ষাগত সাফল্য প্রদর্শনকারী শিক্ষার্থীদের জন্য চিকিৎসা, প্রকৌশল, কারিগরি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষার জন্য বার্ষিক ৩১০ ডলারে আরও ৪ বছরে আর্থিক সহায়তাদান কার্যক্রম।
বিগত ২৫ বছরে এই দুটি কর্মসূচির মাধ্যমে ১৩ হাজারেরও বেশি শিক্ষার্থী সাফল্যের সাথে শিক্ষা শেষ করে চিকিৎসা, প্রকৌশল, বিভিন্ন ক্যাডার সার্ভিসসহ বিভিন্ন দায়িত্বশীল পেশায় নিয়োজিত আছে। একদিকে যেমন প্রতি বছর শত শত নতুন শিক্ষার্থী এই মানবিক উদ্যোগে যুক্ত হচ্ছে, অন্যদিকে তেমনই শিক্ষা সমাপ্ত করে স্বাবলম্বী হয়ে উঠছে আরওএকদল তরুণ-তরুণী। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, রংপুর, দিনাজপুর, ফেনী ও নোয়াখালীসহ বাংলাদেশের ১৯টি জেলার প্রত্যন্ত অঞ্চলে আমাদের এই সহায়তা অব্যাহত রয়েছে। ২৫ বছরের এই অগ্রযাত্রায় আমাদের মূল উদ্দেশ্য হলো এই সাফল্যের অংশীদার হয়ে আরও বেশি সংখ্যক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।
