শনিবার   ০৩ অক্টোবর ২০২৬   আশ্বিন ১৭ ১৪৩৩   ২০ রবিউস সানি ১৪৪৮

বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন পাইলট স্মিত মচ্ছর

আজকাল রিােপর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৩৮ এএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার


 
মধ্য আকাশে সহকারী পাইলটের হামলায় গুরুতর আহত হলেন পাইলট। তবুও  বিমানের নিয়ন্ত্রণ ধরে রাখলেন।  বড় ধরনের দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রক্তাক্ত জীবনের ঝুঁকি ও রক্তাক্ত শরীর নিয়ে সাহসী ভূমিকা রেখেছেন। রক্ষা করেছেন ১৭৪ জন যাত্রীর প্রাণ।তার নাম পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর। ভারতীয় নাগরিক। বিমানের নিয়ন্ত্রণ নিজের কাছে রেখেই  দরজা খুলে যাত্রী ও ক্রুদের ভেতরে প্রবেশের সুযোগ করে দেন। তারা হামলাকারি কো পাইলটকে ধরে ফেলেন। আর এতেই রক্ষা পায়  ‘ফ্লাইদুবাই’  উড়োজাহাজ ।  দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে বুধবার ৩০ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে।
পাইলট  ক্যাপ্টেন স্মিত মচ্ছর সারা দুনিয়ার প্রশংসায় ভাসছেন। পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু তাকে ‘সত্যিকারের নায়ক’ হিসেবে উল্লেখ করেছেন।
নেতানিয়াহু এক পোস্টে স্মিতের সাহসিকতার প্রশংসা করে বলেন, গুরুতরভাবে ছুরিকাহত হওয়ার পরও তিনি প্রতিরোধ করেন এবং ককপিটের দরজা খুলে দেন। এতে যাত্রী ও কর্মীরা হামলাকারীকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং বড় ধরনের মাঝ-আকাশের বিপর্যয় এড়ানো সম্ভব হয়। তার হিসাবে, এই ঘটনায় ১৭৪ জনের জীবন রক্ষা পেয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্মিত মচ্ছরের প্রশংসা করেছেন। তিনি বলেন, ভয়াবহ বিপদের মধ্যে গুরুতর আহত হওয়ার পরও স্মিত অসীম সাহসিকতা দেখিয়েছেন এবং অন্যদের জীবন রক্ষার দায়িত্ব থেকে বিচ্যুত হননি। মোদীর বক্তব্য অনুযায়ী, পাইলটের সাহসিকতার কারণেই বিমানে থাকা বহু মানুষ বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। তিনি স্মিতের দ্রুত সুস্থতা কামনা করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা করেন। ট্রাম্প বলেন, পাইলট গুরুতর অবস্থায় ছিলেন, কিন্তু তারপরও তিনি বিচারবুদ্ধি হারাননি। তিনি স্মিতকে ‘হিরো’ হিসেবে উল্লেখ করেন।
তবে সহকারী পাইলটের কর্মকাণ্ডকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে চিহ্নিত করার বিষয়ে ট্রাম্প তখনও নিশ্চিত কোনো মন্তব্য করেননি। ঘটনার উদ্দেশ্য ও প্রকৃতি নিয়ে তদন্ত চলছিল।
ইসরায়েল বলছে সন্ত্রাসী হামলার চেষ্টা
ঘটনার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এটিকে ‘জিহাদি সন্ত্রাসী হামলার চেষ্টা’ হিসেবে আখ্যা দেন। তবে এ ধরনের রাজনৈতিক বা নিরাপত্তা-সংক্রান্ত বর্ণনার বাইরে হামলার উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিক তদন্তের ফল এখনো প্রকাশ হয়নি।

ফ্লাইদুবাই কর্তৃপক্ষও বলেছে, ঘটনার কারণ ও উদ্দেশ্য এখনো অজানা এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আগাম কোনো সিদ্ধান্তে না যেতে।

কে এই স্মিত মচ্ছর?
স্মিত মচ্ছর একজন ভারতীয় পাইলট এবং ফ্লাইদুবাইয়ের বোয়িং ৭৩৭ বহরের ক্যাপ্টেন। তিনি ২০২২ সালের জুনে ফ্লাইদুবাইয়ে যোগ দেন। এর আগে প্রায় ১১ বছর ভারতের স্পাইসজেটে কাজ করেছেন। সেখানে তিনি সিনিয়র কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অন্য পাইলটদের প্রশিক্ষণ ও মূল্যায়নের কাজও করেছেন।

তার পেশাগত প্রোফাইল অনুযায়ী, বোয়িং ৭৩৭-৮০০ ও ৭৩৭ ম্যাক্স ৮/৯ উড়োজাহাজে তার প্রায় ৯ হাজার ৭৫০ ঘণ্টা উড্ডয়ন অভিজ্ঞতা রয়েছে। ফ্লাইদুবাইয়ে যোগ দেওয়ার পর তিনি সরাসরি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।