যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৭:৩৩ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার
ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দুই দফা প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছেন দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য আয়াতুল্লাহ মোহসেন হায়দারি আলেকাসির। তিনি জানান, ২৮ ফেব্রুয়ারির হামলায় বাবা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মোজতাবতাকে তেহরানের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে ওই হাসপাতালেও হামলা হলে ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলেকাসির এসব দাবি করেন।
তার তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারির হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির তেহরানের কম্পাউন্ড ধ্বংস হয়ে যায়। ওই হামলায় ৮৬ বছর বয়সী আলি খামেনি তার কয়েকজন সহযোগী ও পরিবারের সদস্যসহ নিহত হন।
এর পরে তেহরানের তিনটি পৃথক হাসপাতালে হামলা চালানো হয় বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। আলেকাসির বলেন, মোজতাবা খামেনি ওই তিনটির মধ্যে তৃতীয় হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানে হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।
আলেকাসির আরও দাবি করেন, নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে; এ বিষয়ে মোজতাবা খামেনির কোনো ধারণাই ছিল না। রাষ্ট্রীয় টেলিভিশনে ৮ মার্চ তার নাম ঘোষণার আগ পর্যন্ত বিষয়টি তিনি জানতেন না বলে দাবি করেন এই ধর্মীয় নেতা। তবে সিদ্ধান্ত নেওয়ার পর ‘আইনগত ও ধর্মীয়ভাবে’ মোজতাবার দায়িত্ব গ্রহণ বাধ্যতামূলক হয়ে পড়ে বলে জানান তিনি।
ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পালন করে অ্যাসেম্বলি অব এক্সপার্টস। এই পরিষদও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল বলে দাবি করা হয়েছে। কুমের ওই পরিষদের সচিবালয়েও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মোজতাবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কেও আলেকাসির বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেন, মোজতাবা নেতৃত্ব দেওয়ার মতো শারীরিকভাবে সক্ষম; এমন তথ্য পাওয়ার পর তিনিই প্রথম তার নাম প্রস্তাব করেন।
প্রতিবেদন অনুযায়ী, ৫৯টি ভোটের মধ্যে মোজতাবা খামেনি ৫০টি ভোট পান। আয়াতুল্লাহ আলিরেজা আরাফি পান ৮ ভোট এবং একজন সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকেন।
আলেকাসির বলেন, ‘শত্রুর অবস্থানের পরিপ্রেক্ষিতে, আয়াতুল্লাহ মোজতাবা খামেনি ছাড়া ইসলামি প্রজাতন্ত্রের নেতা ও সর্বোচ্চ পথপ্রদর্শক হিসেবে আমরা আর কাউকে বেছে নেব বা নির্বাচিত করব না।’
বাবার প্রাণঘাতী হামলায় মোজতাবা নিজেও আহত হয়ে আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে গত সপ্তাহে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেন, মোজতাবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন।
সূত্র : এনডিটিভি ও আল আরাবি
