মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৮:১৭ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ সোমবার
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইরান। তবে নতুন করে সামরিক হামলা চালানো হলে তার উপযুক্ত জবাব দিতেও ‘পুরোপুরি প্রস্তুত’ রয়েছে ইরান বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
রোববার (২৭ সেপ্টেম্বর) এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরাগচি বলেন, ‘আমরা কূটনীতির জন্য যেমন প্রস্তুত, একই সময়ে যুদ্ধের জন্যও প্রস্তুত।’
তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ খুলতে ইরানের দেয়া সাত দিনের প্রস্তাব প্রত্যাখ্যানের খবর তারা শুনেছেন, তবে তারা ‘মধ্যস্থতাকারীদের মাধ্যমে এখনও আনুষ্ঠানিক জবাবে অপেক্ষায় রয়েছেন’।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের প্রস্তাব খুবই স্পষ্ট। যুক্তরাষ্ট্র যদি নির্দিষ্ট কিছু কাজ করে, তবে আমরা প্রণালিটি খুলে দিতে প্রস্তুত।’
তার বিশ্বাস, যুক্তরাষ্ট্র চার বা পাঁচ দিনের মধ্যে ইরানের দাবি-দাওয়া মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। প্রস্তাবিত ধারা অনুযায়ী, ষষ্ঠ দিনে ইরান প্রণালিটি খুলে দেবে এবং সপ্তম দিনে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে দুই পক্ষ আবার আলোচনা শুরু করবে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা এবং মার্কিন সামুদ্রিক অবরোধের জেরে জ্বালানি পরিবহণের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথটি কার্যত বন্ধ করে দেয় ইরান।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে চরম আস্থার সংকট রয়েছে উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ২০২৪ ও ২০২৫ সালে আলোচনার চলাকালে ইরানের ওপর হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এ ছাড়া চুক্তি স্বাক্ষরের পরপরই তা লঙ্ঘন করেছিল।
গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ইরান প্রথম লঙ্ঘন করেছে, এমন দাবি প্রত্যাখ্যান করে আরাগচি বলেন, ওয়াশিংটন যদি মনেই করে তেহরান চুক্তি ভঙ্গ করেছে, তবে ইরানে বোমা না মেরে তারা চুক্তির বিরোধ-নিষ্পত্তি সংক্রান্ত ধারাটি কার্যকর করতে পারত।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিষয়ে আরাগচি বলেন, ইরান আগের যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে। তাদের সামরিক কৌশলেও পরিবর্তন এসেছে।
তিনি বলেন, ‘যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পরিস্থিতি তৈরি হলে আমরা পুরোপুরি প্রস্তুত। এমনকি তা যদি মহাপ্রলয়ের রূপও নেয়, তবুও নতুন যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। কিন্তু একই সঙ্গে আমরা কূটনীতির জন্যও প্রস্তুত।’
