শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ১০ ১৪৩৩   ১৩ রবিউস সানি ১৪৪৮

ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:২৭ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার


 
চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানকে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের মাঝে তুলে ধরার উদ্যোগ এবং সফল আয়োজনের নেপথ্যে থাকা কর্মী, স্পনসর ও শুভাকাক্সক্ষীদের সম্মানে ভার্জিনিয়ার উডব্রিজে অ্যাপ্রিসিয়েশন পার্টির আয়োজন করেছে বাংলাদেশি আমেরিকান আইটি পিপলস অর্গানাইজেশন (বাইটপো)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ। এতে বাইটপোর নেতৃবৃন্দ ও সদস্যদের পাশাপাশি মেজবান কমিটির সদস্য, স্পনসর এবং শুভাকাক্সক্ষীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ সফলভাবে মেজবান আয়োজনের জন্য বাইটপো টিমের সদস্যদের ধন্যবাদ জানান। ভবিষ্যতে আরও সুন্দর ও বৃহৎ পরিসরে মেজবান আয়োজনের ক্ষেত্রে সংগঠনটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
ড. ফয়জুল ইসলাম বলেন, গত ২৩ আগস্ট ডিএমভি এলাকায় স্মরণকালের অন্যতম বৃহৎ মেজবান অনুষ্ঠিত হয়েছে। এতে কিংবদন্তি সংগীতশিল্পী নকীব খান সংগীত পরিবেশন করেন। তিনি মেজবান আয়োজনের বিভিন্ন দিক ও সাফল্যের কথাও তুলে ধরেন।
তিনি বলেন, বড় ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করতে গেলে নানা সমস্যা ও সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। এসব প্রতিবন্ধকতা অতিক্রম করে যারা একটি আয়োজন সফল করেন, তাদের পরিশ্রম ও ইতিবাচক দিকগুলো তুলে ধরা প্রয়োজন। এতে আয়োজকেরা ভবিষ্যতে আরও ভালো অনুষ্ঠান করতে উৎসাহিত হবেন।
বাইটপোর সভাপতি সামছুদ্দীন মাহমুদ মেজবান সফল করতে সহযোগিতার জন্য সকল ডোনার, স্পনসর, শুভাকাক্সক্ষী, মেজবান কমিটির সদস্য, বাইটপোর নেতৃবৃন্দ ও সদস্য এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, প্রত্যাশার চেয়ে বেশি লোকসমাগম এবং নিবন্ধন ছাড়াই বিপুলসংখ্যক অতিথির উপস্থিতির কারণে খাবার ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা সৃষ্টি হয়। নির্ধারিত খাবার পরিবেশনের সময় অতিক্রান্ত হওয়ার পর কিছু অতিথি খাবার না পাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।
আগামী মেজবান আরও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে বেশ কিছু নতুন পরিকল্পনার কথাও জানান বাইটপো সভাপতি। তিনি বলেন, ভবিষ্যতে নিবন্ধন বাধ্যতামূলক করা হবে। এ বছর যারা নিবন্ধন করেছেন, তাদের আগামী বছরের আয়োজনে ফ্রি-রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে।
খাবার বিতরণ আরও দ্রুত ও সুশৃঙ্খল করতে চারটি পৃথক লাইন চালুর পাশাপাশি খাবার পরিবহনের সক্ষমতা তিন গুণ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
ভেন্যু প্রাপ্যতা সাপেক্ষে আগামী আগস্টে ‘মেজবান ২০২৭’ আয়োজনের ঘোষণাও দেন সামছুদ্দীন মাহমুদ। অনুষ্ঠানে মেজবান আয়োজনের আয়-ব্যয়ের হিসাব উপস্থিত সবার সামনে তুলে ধরেন তিনি।
আগামী মেজবানে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বাইটপো সভাপতি বলেন, পরবর্তী আয়োজনের প্রস্তুতি এমনভাবে নেওয়া হবে, যাতে কোনো অতিথিকে খাবার না খেয়ে ফিরে যেতে হয়।