মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ৬ ১৪৩৩   ০৯ রবিউস সানি ১৪৪৮

বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:১৮ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এ সময় সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটরশোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে ‘হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়। হোটেলে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এ কে এম ওয়াহিদুজ্জামান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাকে স্বাগত জানাতে জেএফকে বিমানবন্দরের টার্মিনাল-৮ এলাকায় আনন্দ ও স্বাগত মিছিলের আয়োজন করেন দলটির নেতাকর্মীরা।

যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল-সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। মিছিলে রঙ-বেরঙের পোস্টার, ব্যানার, ফেস্টুন, বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা নিয়ে নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়।

এ সময় ‘স্বাগত হে তারেক রহমান’, ‘নিউইয়র্কে তারেক রহমান, স্বাগতম স্বাগতম’সহ বিভিন্ন স্লোগানে বিমানবন্দর এলাকা মুখরিত হয়ে ওঠে। করতালি ও উল্লাসের মাধ্যমে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

আনন্দ মিছিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, গিয়াস আহমেদ, আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুল, ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন- তারেক রহমানের এ সফর বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাদের ভাষ্য, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তার নেতৃত্ব প্রবাসীদের অনুপ্রাণিত করেছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন তিনি। সফরের অন্যতম প্রধান কর্মসূচি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তার ভাষণ।

এর আগে সোমবার সকালে তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুলে প্রায় দুই ঘণ্টা ৩৫ মিনিট যাত্রাবিরতির পর নিউইয়র্কের উদ্দেশে আবার যাত্রা করে তার বহনকারী বিমান।

উল্লেখ্য, নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে অবস্থান করবেন। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। নিউইয়র্কের কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।