ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:১৩ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ন্যাম ভবনের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ পাওয়া যায়।
জানা গেছে, দুপুর সোয়া দুইটার দিকে এমপি নজরুল বাসায় আসেন। এ সময় তিনি অনেকবার দরজায় নক করেন। পরে চাবি দিয়ে মূল দরজা খোলেন। মাঝখানের দরজা খুলতে না পেরে ন্যাম ভবন ইনচার্জকে খবর দেন। এরপর সন্ধ্যায় পুলিশ এসে দরজা ভেঙে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার করে।
গত জুলাই মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। নৈতিক স্খলনের দায়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দলটি।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, খবর পেয়ে আমিসহ থানা পুলিশ ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। এরপর থানা পুলিশ রুমে প্রবেশ করবে।
