শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ৩ ১৪৩৩   ০৫ রবিউস সানি ১৪৪৮

সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:১৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার


 
বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনকে সামনে রেখে এবারের নির্বাচনের অন্যতম শক্তিশালী ও সুসংগঠিত পরিষদ সেলিম-আলী পরিষদের ওজন পার্ক ভোটকেন্দ্রের নির্বাচনী কর্মী সমাবেশ গত ১৪ সেপ্টেম্বর ওজন পার্কের একটি পার্টি হলে অনুষ্ঠিত হয়।
সেলিম-আলী পরিষদ উন্নয়ন, জবাবদিহিতা ও সবার অংশগ্রহণে বাংলাদেশ সোসাইটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে। এ লক্ষ্যেই ওজন পার্ক কেন্দ্রের কর্মী ও দায়িত্বশীলদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
সমাবেশে ওজন পার্ক ভোটকেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির আংশিক ঘোষণা করা হয়। কমিটিতে আলহাজ্ব বাবর উদ্দিনকে চেয়ারম্যান, ছমির উদ্দিনকে প্রধান উপদেষ্টা, শাহাব উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক, আমিনুল হোসেনকে সদস্য সচিব এবং মোঃ করিমকে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় জানানো হয়, আহ্বায়ক কমিটির নেতৃত্বে খুব শিগগিরই একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে। এই কমিটি ওজন পার্ক ভোটকেন্দ্রে সেলিম-আলী পরিষদের নির্বাচনী কার্যক্রম সমন্বয়, প্রচার এবং ভোটারদের সঙ্গে যোগাযোগে কাজ করবে।
সমাবেশে কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গের পাশাপাশি ওজন পার্ক ভোটকেন্দ্রের কর্মী, সমর্থক ও স্থানীয় দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এ সময় সেলিম-আলী পরিষদের প্রার্থীরা উপস্থিত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করেন।