শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৭ ১৪৩৩   ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২০ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার


 
‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনের আগে এই তথ্যভিত্তিক মতবিনিময় এবারই প্রথম। গত ২১ আগষ্ট জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনরা তাদের মতামত ব্যক্ত করেন। স্বাগত বক্তব্য রাখেন ‘ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’-এর প্রেসিডেন্ট এবং আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।  তিনি বলেন, আজকের প্যানেলে উপস্থিত অভিজ্ঞ নেতৃবৃন্দ ও কমিউনিটি প্রতিনিধিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজস্ব অভিমত উপস্থাপন করবেন। প্রাপ্ত মতামত থেকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান একটি মতামত জরিপের ফলাফল উপস্থাপন করেন।  প্রার্থীদের নির্বাচনী বিতর্কে অংশগ্রহণ করা উচিত কি-না এই প্রশ্নে ৩৯ জনের মধ্যে ৩৮ জন ইতিবাচক অভিমত জানিয়েছেন। তরুণ নেতৃত্বের অংশগ্রহণের বিষয়েও উপস্থিতদের মধ্যে ইতিবাচক মতামত পাওয়া যায়। আলোচনায় বাংলাদেশ সোসাইটির প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা কী হওয়া উচিত তা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই দলের প্রধানদের নিয়ে একটি নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানের প্রস্তাব করেন। এ বিষয়ে টিবিএন২৪ সহ গণমাধ্যমের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে একটি তারিখ ঘোষণা করা হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানের নেতৃত্ব, নির্বাচন ও স্বচ্ছতা নিয়ে মুক্ত আলোচনায় প্যানেলের প্রায় ১৩-১৪ জন বক্তা তাদের মতামত তুলে ধরেন। এদের মধ্যে ছিলেন মনমাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ও ডিন, ড. গোলাম এম.মাতবর, ড. দিলীপ নাথ, নাসির খান পল, গিয়াস আহমেদ, মঈন চৌধুরী, হাসান হাবিব, শাহ শহীদুল হক, ফখরুল ইসলাম দেলোয়ার, সারোয়ার আহমেদ, মো. বাবুল চৌধুরী, কাজী সাখাওয়াত হোসেন আজম, আখতার হোসেন বাদল, ফারহানা চৌধুরী, প্রকৌশলী আবদুস সোবহান, ও মো. মাহবুবুর রহমান প্রমুখ।
বক্তারা সোসাইটির বর্তমান ভোটার রেজিস্ট্রেশন পদ্ধতি, নির্বাচনী প্রক্রিয়া, নেতৃত্বের ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ প্রজন্মের অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, একই ব্যক্তি বা একই প্যানেলের সদস্যরা বারবার নেতৃস্থানীয় পদে না থেকে নতুন নেতৃত্বকে সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা যেতে পারে। বাংলাদেশ সোসাইটির আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়েও আলোচনায় বিভিন্ন মতামত ও প্রশ্ন উঠে আসে। সংগঠনের আর্থিক বিষয়গুলো আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রয়োজনীয়তার ওপর বক্তারা জোর দেন।
অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল নতুন প্রজন্মের নেতৃত্বে অংশগ্রহণ। আলোচনায় উঠে আসে, অভিজ্ঞ নেতৃত্বের পাশাপাশি নতুন প্রজন্মের তরুণদের নেতৃত্বের সুযোগ দেওয়া হলে বাংলাদেশ সোসাইটিতে অভিজ্ঞতা ও তারুণ্যের মধ্যে একটি সুন্দর ভারসাম্য তৈরি হতে পারে। আগামীতে এই সংগঠনের পক্ষ থেকে আরও এমন আয়োজন করা হবে যাতে বাংলাদেশি কমিউনিটির কল্যাণে কাজ করা যায় বলে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান জানিয়েছেন।