পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:৫৩ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
যুক্তরাষ্ট্র ও কানাডার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে ৪-৬ সেপ্টেম্বর কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হয়েছে ৪০তম ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন অব নর্থ আমেরিকা) সম্মেলন। লেবার ডে উইকেন্ডে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে প্রবাসী বাংলাদেশিদের সুখ, সমৃদ্ধি ও উন্নয়নের গল্প ও প্রবাসী জীবনের নানান চ্যালেঞ্জের কথা উচ্চারিত হয়েছে। সম্মেলনে অংশ নেন যুক্তরাষ্ট্র, কানাডার প্রাবাসী এবং বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক ও ব্যাবসায়িক অঙ্গনের বিশিষ্ট ব্যাক্তিত্বরা।
তিন দিনের এ আয়োজনের মধ্যে প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন করে সংযোগ তৈরির পাশাপাশি প্রতিবেশি দুই দেশের প্রবাসী বাংলাদেশী কমিউনিটির মধ্যেও সৌহার্দ্য গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।
টরেন্টোর ডন ভ্যালি হোটেলের হল কক্ষে গত ৪ সেপ্টেম্বর উপচেপড়া দর্শকদের উপস্থিতিতে জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় ফোবানা চার দশকপূর্তীর এই সম্মেলন। প্রথম দিনেই বাংলাদেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের আজীবন সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা, জাদু শিল্পী জুয়েল আইচ, অভিনেত্রী শান্তা ইসলাম, সংগীত শিল্পী খালিদ হাসান মিলু (মরনোত্তর) ও এন্ড্রুকিশোর (মরনোত্তর) উল্লেখযোগ্য। উদ্বোধনী দিনে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। সম্মেলনে চীফ প্যাট্রন হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যবসায়ি, ফোানার চেয়ারম্যান ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। কনভেনশনের প্রধান নির্বাহী আবু জোবায়ের দ্বারাসহ স্থানীয় কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। সম্মাননা পেয়েছেন সাবেক ফুটবলার এনায়েতুর রহমান ও অভিনেত্রী শান্তা ইসলামসহ আরও অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সেলিম চৌধুরী, আঁখি আলমগীর, ঝিলিক, পিন্টু ঘোষসহ বাংলাদেশ ও টরেন্টোর স্থানীয় শিল্পীরা। সঙ্গে ছিল মনকাড়া নৃত্যানুষ্ঠান। গান, নৃত্য, তারকা শিল্পীদের পরিবেশনা, গুণীজনের সম্মাননা এবং দেশীয় খাবার ও পণ্যের পসরা-সব মিলিয়ে ডন ভ্যালি হোটেল হয়ে উঠেছিল ছোট্ট মনোরম এক বাংলাদেশ।
সম্মেলনে দ্বিতীয় ও তৃতীয় দিন অনুষ্ঠিত হয় বড় পরিসরের প্রাণবন্ত বাংলাদেশি মেলা। সেন্ট্রাল ফোবানা ও কানাডার স্থানীয় হোস্ট টেস্ট অব বাংলাদেশের যৌথ উদ্যোগে টরেন্টোর বার্চমাউন্ট রোড ও ড্যানফোর্থ রোডের সংযোগস্থলে আয়োজিত এ মেলা দুই দিনই ছিল লোকে লোকারণ্য। হাজার হাজার মানুষের জোয়ারভাঙ্গা উপস্থিতি সকল রেকর্ড ছাড়িয়ে যায়। অনেককেই বলতে শোনা যায়, উপস্থিতি ১০ হাজার ছাড়িয়ে গিয়েছিল। দেশীয় পোশাক, গয়না, বিভিন্ন পণ্য ও দেশীয় খাবারের দোকানের পাশাপাশি ছিল উন্মুক্ত কনসার্ট ও মুগ্ধকর নৃত্যের আয়োজন। খোলা আকাশের নিচে বিভিন্ন পণ্যের শতাধিক স্টল ও কালচারাল অনুষ্ঠান। পাশাপাশি একই স্থানে হাজারো বাংলাদেশিদের অংশগ্রহণ প্রবাস জীবনে বাংলাদেশের বৈশাখী মেলার আবহ তৈরি করে। প্রবাসের মাটিতে এ মেলা হয়ে ওঠে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের এক প্রাণবন্ত মিলনমেলা। বাংলাদেশিদের এ আনন্দে স্থানীয় অন্যান্য কমিউনিটির মানুষজনও অংশ নেয়।
সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিনে সংগীত পরিবেশন করেন শিল্পী ডলি সায়ন্তনী, সেলিম চৌধুরী, রানো নেওয়াজ, ফকির সাহাবুদ্দিন, শাহনাজ বেলী, অনকি রাজসহ বাংলাদেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। তাঁদের পরিবেশনায় উৎসবের পুরো সময় হয়ে উঠে আনন্দমুখর। শেষ দিনে টরেন্টো ও যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।
সম্মেলনে বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন টরেন্টো সিটি মেয়র অলিভিয়া চাউ, প্রভিন্সিয়াল পার্লামেন্ট মেম্বার ফাতিমা শাবান, ইস্ট ইয়র্কের সদ্য নির্বাচিত এমপি তানভীর শাহানাজ, মেয়র প্রার্থী টরন্টো মেয়র নির্বাচনের প্রার্থী ব্র্যাড ব্র্যাডফোর্ড, স্কারবরোর সাম্প্রতিক উপনির্বাচনে অংশ নেওয়া কনজারভেটিভ পার্টির প্রার্থী ডা. তরুণ, টরেন্টো মেয়র নির্বাচনের প্রার্থী ব্র্যাড ব্র্যাডফোর্ড, স্থানীয় সিটি কাউন্সিলর পারথি কান্দাভেলসহ স্থানীয় রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
দেশীয় সংস্কৃতির আবহে তিন দিনের আয়োজন শেষ হলেও ফোবানার মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা যেন আবারও ফিরে পেলেন নিজেদের শেকড়ের স্পর্শ। সম্মেলনে বিভিন্ন সক্রিয় অবদান রাখেন টেস্ট অব বাংলাদেশের ফাউন্ডার রাসেল রহমান, আয়োজক বাংলাদেশ সোসাইটি এসসির সভাপতি খোকন রহমান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, এডমিন ডিরেক্টর সঞ্চয় চাকি, আয়োজক কমিটির শিবু চৌধুরী, আশিস চৌধুরী, দেওয়ান আজিম, সৈয়দ শামসুল আলম প্রমুখ।
