মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৫০ এএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

ইতালির মেস্ত্রে শহরে বর্তমানে অবস্থানরত জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা লাইভে তিনি এই অভিযোগ করেন।

যেখানে তিনি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রবাসী কর্মীদের জড়িয়ে এই হামলার অভিযোগ তুলেন।

 

ফেসবুক লাইভে তিনি অভিযোগ করেন, ‘এখানে আমি আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ‘ফিজিক্যালি হ্যারাস’ করেছে। আমার শরীরে পানি, কোক ছুঁড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই।’

এ সময় তার সঙ্গে ভাইয়ের ছোট বাচ্চা ছিল জানিয়ে তিনি বলেন, ‘তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে। তারা বলেছে- আমি জুলাই যোদ্ধা, ইয়েস আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।’

হামলাকারীদের বঙ্গবন্ধুর সৈনিক দাবি করে বাঁধন বলেন, তারা আমাকে জোর করে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বলতে বলেছে। তারা সেগুলো ভিডিও করেছে। সেগুলো তারা লাইভ করছিল। আপলোড করছিল।

ভিডিওর এক অংশে আজমেরী হক বাঁধন বলেন, ‘আমি বলবো- আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে আপনাদের বেরিয়ে আসা উচিৎ ছিল, আপনারা তা করতে পারেননাই।’ আপনারা ভেবেছেন- এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন। সেটা আমার মনে হচ্ছে না।

জানা যায়, ইতালির ভেনিসে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে তার ভাই ও ভাইয়ের পরিবারের সাথে সেখানে গেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

উল্লেখ্য, ইতিহাস গড়ে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক ‘অরিজন্তি’ বিভাগে প্রদর্শিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। স্থানীয় সময় বেলা সোয়া ২টায়, বাংলাদেশ সময় ৬ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

সিনেমাটির মুখ্য চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন। সিনেমাটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন।