সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:২৯ এএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর বিজয়ীর নাম ঘোষিত হলো। ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী জোহেইরি মোলা দোমিঙ্গেস হলেন ৭৩তম মিস ওয়ার্ল্ড। শনিবার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তার মাথায় নীল মুকুট পরিয়ে দেন গতবারের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি। এবার প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিজাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মিস মালয়েশিয়া তানুসিয়া চেট্টি।

বিজনেস ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশন-এ স্নাতক মোলা শুধু ফ্যাশন ও মডেলিং জগতেই সফল নন। তিনি একাধারে সাহিত্য ও সমাজবিজ্ঞানের শিক্ষিকা, পেশাদার মডেল এবং সংবাদ জগতের সঙ্গেও যুক্ত। তিনি ‘ভয়েস অব টুমরো’ নামক একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি।

এই প্রতিষ্ঠান আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের ইংরেজি ভাষার শিক্ষা ও তাদের সামগ্রিক উন্নয়নে কাজ করে চলেছে। জোহেইরি মোলা এখন থেকে আন্তর্জাতিক পর্যায়ে মিস ওয়ার্ল্ড সংস্থার বিভিন্ন সামাজিক কাজ, জনকল্যাণমূলক উদ্যোগ এবং বিশ্বজুড়ে ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচার অভিযানের প্রতিনিধিত্ব করবেন। এ বছর মিস ওয়ার্ল্ডের আয়োজন বসে ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে।

 

জোহেইরি মোলা দোমিঙ্গেস। ছবি: ইন্সটাগ্রাম

জোহেইরি মোলা দোমিঙ্গেস। ছবি: ইন্সটাগ্রাম

মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্বে জোহেইরি মোলাকে তাঁর ‘বিউটি উইথ আ পারপাস’ উদ্যোগ নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি সুবিধাবঞ্চিত শিশুদের ইংরেজি শেখানোর কর্মসূচি ‘ভয়েস অব টুমরো’র কথা বলেন।

মোলা জানান, ইংরেজি শেখার মাধ্যমে এসব শিশুর সামনে বড় সুযোগের দরজা খুলে যেতে পারে। তাঁর ভাষায়, ইংরেজি এমন একটি দক্ষতা, যা সারাজীবন তাদের কাজে আসবে। তিনি বলেন, ‘আমার কাছে এই কর্মসূচি এমন একটি বিষয়, যা আমি সব সময় হৃদয়ে ধারণ করব। আর মনে করব, আমি এই শিশুদের গুরুত্বপূর্ণ কিছু একটা দিতে পারছি।’

মিস ওয়ার্ল্ড বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা। ১৯৫১ সালে যুক্তরাজ্যে এরিক মর্লে প্রতিযোগিতাটির সূচনা করেন। প্রতিযোগীদের কয়েকটি ধাপে যাচাই করা হয়।

 

জোহেইরি মোলা দোমিঙ্গেস। ছবি: ইন্সটাগ্রাম

জোহেইরি মোলা দোমিঙ্গেস। ছবি: ইন্সটাগ্রাম

 

এবারের আসরে মোট ১১১ জন প্রতিযোগী ছিলেন। তাদের আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবীয়, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া– এই চার মহাদেশীয় অঞ্চলে ভাগ করা হয়।

চলতি বছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের সামানজার সাঈদ বিউটি উইথ আ পারপাসে নিজ মহাদেশে প্রাথমিকভাবে সেরা ছয়ে থাকলেও ফাইনালের সেরা চল্লিশে জায়গা পাননি।

প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন নিকিতা পোরওয়াল। তবে তিনি সেরা ২০-এর তালিকায় স্থান পেতে ব্যর্থ হয়েছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৭ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন করবে তানজানিয়া। সূত্র: বিবিসি