পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৩৭ এএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
সম্প্রতি ভারতের প্রখ্যাত সংগীতগুরু পন্ডিত বিপ্লব মুখার্জি'র শিক্ষা এবং তত্বাবধানে হিন্দুস্তানি ক্ল্যাসিকাল মিউজিকের অনবদ্য পরিবেশনার মাধ্যমে পরম্পরা মিউজিক একাডেমি'র বার্ষিক সম্মেলন ফ্ল্্যাশিং হিন্দু সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট বিকেলে জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব দিমা নেফারতিতি'র সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপরে সমবেত সঙ্গীত পরিবেশন করে একাডেমির শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে পরম্পরা মিউজিক একাডেমির কর্ণধার পন্ডিত বিপ্লব মুখার্জির নান্দনিক পরিবেশনার পাশাপাশি অসাধারণ তবলা-লহরা পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পণ্ডিত হিন্দোল মজুমদার ও তার সুযোগ্য পুত্র আয়ুস্মান মজুমদার। হারমোনিয়াম সহযোগে ছিলেন রোহন প্রভুদেশাই। সকল ছাত্রছাত্রী ও গুরুজী পণ্ডিত বিপ্লব মুখার্জির সঙ্গে তবলা সহযোগে ছিলেন একাডেমির গুরুজী ও সুপরিচিত শ্রী রবিশংকর ভট্টাচার্য। হিন্দুস্তানি ক্ল্যাসিকাল মিউজিকের সুরের মূর্ছনায় একটি অনবদ্য সন্ধ্যা উপভোগ করেন উপস্থিত দর্শক, শ্রোতা, শুভানুধ্যায়ীবৃন্দ।
প্রতিবছরের মত এবছরেও শিক্ষার্থীরা খেয়াল, ঠুমরী, দাদরা, ভজন ইত্যাদি গানের সফলভাবে পরিবেশন করে এবং পাশাপাশি বিভিন্ন গুণী শিল্পীদের সঙ্গীত শোনার অভিজ্ঞতা অর্জন করার সূযোগ করে দেওয়ার লক্ষ্যে একটি মনমুগ্ধকর সঙ্গীত আয়োজন সফল করেন একাডেমি কর্তৃপক্ষ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের এবং গেস্ট আর্টিস্ট দের সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য পরম্পরা মিউজিক একাডেমি ২০২০ সাল থেকে নিয়মিত উত্তর আমেরিকার শিক্ষার্থীদের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ দিচ্ছে এবং শিক্ষার্থীদের সফল মঞ্চ পরিবেশনায় বহুমাত্রিক সফল ভূমিকা রেখে চলেছে। এই কর্মকান্ড নিরলস প্রচেষ্টায় পরিচালনা করছেন প্রখ্যাত তবলাবাদক শ্রী রবিশংকর ভট্টাচার্য এবং সঙ্গীত গুরু শ্রী বিপ্লব মুখার্জি। পরম্পরা মিউজিক একাডেমি ২০০৬ সাল থেকে ভারতের বিভিন্ন স্থানে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা প্রদান করে চলেছে বলে তারা জানান।
