শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২০ ১৪৩৩   ২২ রবিউল আউয়াল ১৪৪৮

সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩৬ এএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার


 
যুক্তরাষ্ট্র প্রবাসী সুনামগঞ্জবাসীদের এক পতাকার নীচে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ‘সম্প্রীতির বন্ধন, প্রবাসে আপনজন’ শ্লোগানে ছয় বছর আগে গঠিত ‘সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটি ইউএসএ’ বিগত বছরগুলোর মতো এবছরও বনভোজন আয়োজন করেছে। সর্বস্তরের প্রবাসী সুনামগঞ্জবাসীদের বিপুল উৎসাহ-উদ্দীপনায় গত ২৫ আগষ্ট মঙ্গলবার নিউইয়র্কের লিটল বে পার্কে এবারের বনভোজন অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বনভোজনের কর্মকান্ড চলে। বনভোজনে আগত অতিথি ও সুনামগঞ্জবাসীদের স্বাগত জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ নূরুল গণী নজরুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবীর সহ অন্যান্য কর্মকর্তা।
চমৎকার আবহাওয়ায় নিউইয়র্কের থ্রজনেক ব্রীজের অদূরে আটলান্টিক সাগরের বে’র ধারে সবুজ গাছ-গাছালীতে ঘেরা লিটল বে পার্কে বনভোজনের শুরুতে আফসানা রহমানের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। বনভোজনে আগত সুনামগঞ্জবাসী বিশেষ করে নারীরা রং বে রং এর দেশীয় বাহারী পোশাক পড়ে পরিবারের সন্তানদের নিয়ে যোগ দেয়ায় বনভোজন স্থল উৎসবমুখর হয়ে উঠে। বিশেষ করে বিশাল মাঠের সবুজ চত্তর শিশুদের কল-কাকলীতে মুখরিত হয়ে উঠে। 
গরমে সবার প্রিয় তরমুজ দিয়ে শুরু হয় বনভোজনের খাবার পর্ব। এরপর শুরু হয় শিশু-কিশোর-কিশোরীদের খেলাধুলা। দুপুরে দেশী খাবারের মধ্যহ্ন ভোজ শেষে শুরু হয় মহিলাদের আকর্ষনীয় পিলো থ্রো প্রতিযোগিতা। বিকেলের ছোলা বুটের সাথে ঝালমুড়ি আর চা পর্ব জমিয়ে উপভোগ করেন উপস্থিত সবাই। 
সবশেষে ছিলো পুরষ্কার বিতরণী ও র্যাফল ড্র। সংগঠনের সভাপতি মোহাম্মদ নূরুল গণী নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পর্ব পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবীর। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জ্যাকব মিল্টন, আমিনুল ইসলাম চুন্নু, নীরা রব্বানী, এস্টোরিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ সভাপতি কয়েস আহমদ ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। 
মাগরিবের নামাজ আদায়ের মধ্য দিয়ে বনভোজন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ‘সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটি ইউএসএ’ বনভোজন সফল করতে সংগঠনের প্রচার সম্পাদক আলী নেওয়াজ সহ আরো যারা বিশেষ সহযোগিতায় ছিলেন তারা হলেন- আমিনুল ইসলাম, আলম হোসেন, মখলিছুর রহমান, দিলোয়ার হোসেন, আনোয়ার হোসেন আবু, এডভোকেট ছায়াদ আহমদ, শাহবাজ চৌধুরী রানা, আমিনুল হক ও আজিজুল হক বাবুল। 
এছাড়াও বনভোজন অনুষ্ঠান সফলতায় আরো যারা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে রেজাউল করিম, আব্দুল জব্বার, রহিম উদ্দিন, আল জুনায়েদ, আলমগীর, রিন্টু লাল দাশ, রায়হান উদ্দিন, মোহাম্মদ ফয়জুর রহমান ছিলেন অন্যতম।