শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২০ ১৪৩৩   ২২ রবিউল আউয়াল ১৪৪৮

আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩১ এএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার


 
নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে ব্যাক-টু-স্কুল কর্মসূচির আয়োজন করেছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ। ৩১ আগস্ট, সোমবার বিকেলে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় ব্যাকপ্যাকসহ বিভিন্ন প্রয়োজনীয় স্কুল সামগ্রী। বাংলাদেশ কমিউনিটি সেন্টারে আয়োজিত ব্যাক-টু-স্কুল কর্মসূচিতে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, শিক্ষা উপকরণের বাড়তি খরচের কারণে অনেক পরিবারের ওপর যে আর্থিক চাপ তৈরি হয়, তা কিছুটা কমাতেই বিএএসজের এই উদ্যোগ।  বিএএসজে সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা বলেন, শিক্ষার্থীরা যেন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিয়ে নতুন শিক্ষাবর্ষ আনন্দ ও আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। 
বিএএসজের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু একটি দিনের কর্মসূচি নয়। কমিউনিটির ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে । 
অভিভাবকরাও বিএএসজের এই উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, স্কুল শুরুর আগে ব্যাকপ্যাক ও প্রয়োজনীয় সামগ্রী পাওয়ায় শিক্ষার্থীদের যেমন উৎসাহ বাড়ছে, তেমনি পরিবারের কিছুটা আর্থিক সাশ্রয়ও হচ্ছে। 
একটি ব্যাকপ্যাক কিংবা কিছু স্কুল সামগ্রী হয়তো ছোট একটি সহায়তা। কিন্তু একজন শিক্ষার্থীর নতুন শিক্ষাবর্ষের শুরুতে এই সহায়তাই হয়ে উঠতে পারে বড় অনুপ্রেরণা। আর শিক্ষার্থীদের সেই অনুপ্রেরণা জোগাতেই বিএএসজের এই ব্যাক-টু-স্কুল উদ্যোগ।