সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:০৯ এএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
আসন্ন বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬-এ অংশগ্রহণের লক্ষ্যে সেলিম–-আলী পরিষদ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। মনোনয়ন সংগ্রহ করে তারা বলেন, ‘এটি শুধু আমাদের নির্বাচনী যাত্রার একটি ধাপ নয়, বরং ভোটারদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আরও দায়িত্বশীলভাবে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার’। তারা বলেন, ‘এই পথচলায় আমাদের পাশে থাকা বাংলাদেশ সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ, সেলিম-আলী পরিষদের সকল সমর্থক, শুভান্যুধায়ী ও স্বেচ্ছাসেবকদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের সহযোগিতা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি’। আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬, রোববার আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেয়ার দিন নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সোসাইটির ত্রি-বার্ষিক (২০২৭-২০২৯) নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৫ অক্টোবর রোববার। গত সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক এবাইরই প্রথম তিন বছরের জন্য কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি বর্তমান কার্যকরী পরিষদের ১৯জন কর্মকর্তার স্থলে ২১জন কর্মকর্তা সন্নিবেশিত হয়েছে। ফলে সোসাইটিতে নতুন নতুন মুখ আসছে। অতীতের নির্বাচনগুলোর মধ্যে এবারের নির্বাচন নানাদিক থেকে আলোচিত নির্বাচনে পরিণত হতে চলেছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। এদিকে নির্বাচন ঘিরে ইতিমধ্যেই দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় নামছেন। সোসাইটির বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে পুনরায় ‘সেলিম-আলী’ প্যানেল অপরদিকে সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও সন্ধীপ সোসাইটি ইউএসএ’র সভাপতি ফিরোজ আহমেদের নেতৃত্বে ‘কুনু-ফিরোজ’ প্যানেল প্রচারনা শুরু করেছে। অপরদিকে বর্তমান কার্যকরী কমিটির ১৯ জন সদস্যের মধ্যে ১৩ জন কর্মকর্তা ‘সেলিম-আলী’র সফল নেতৃত্বে প্রতি আস্থা রেখে পুনরায় এই প্যানেলের সাথে থেকেই আবার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। উল্লেখ্য, বিগত নির্বাচন ‘সেলিম-আলী’ প্যানেল পূর্ণ প্যানেলে জয়লাভ করেছিল।
সোসাইটির বর্তমান কমিটির কার্যকরী পরিষদের একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, তারা বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে পুনরায় ‘সেলিম-আলী’র নেতৃত্ব ও কর্মকান্ডের ফলে এই প্যানেলের সাথেই পুনরায় নির্বাচন করতে আগ্রহী। তারা বলেছেন, ইচ্ছে থাকা সত্বেও নানা কারনে আমরা অনেক কিছু করতে পারিনি সত্য, কিন্তু পাশাপাশি অনেক সফল্যও রয়েছে ‘সেলিম-আলী’ পরিষদের। আমরা আগামী অসমাপ্ত কাজগুলো করতে ঐক্যবদ্ধ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান কার্যকরী পরিষদের যারা ‘সেলিম-আলী’ প্যানেলের সাথেই রয়েছেন তারা হলেন- সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী) এবং কার্যকরি সদস্য- হারুন রশিদ (চেয়ারম্যান), জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমেদ ও হাসান খান। তাদের সাথে পরিচিত আরো নতুন মুখ যোগ দিচ্ছেন বলে জানা গেছে।
