ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৮:১৪ এএম, ৩০ আগস্ট ২০২৬ রোববার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের আদলে তৈরি কিছু এক্সট্যাসি বড়ি নিয়ে সতর্কতা জারি করেছে নেদারল্যান্ডসের একটি মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান। বড়িগুলোতে বিপজ্জনক মাত্রায় পিএমএমএ নামের রাসায়নিক পাওয়া গেছে বলে জানিয়েছে ট্রিমবোস ইনস্টিটিউট। শনিবার (২৯ আগস্ট) বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আগস্টে দেশটির কয়েকটি মাদক পরীক্ষাকেন্দ্রে বড়িগুলো জমা দেওয়া হয়। পরীক্ষায় এগুলোতে ‘অত্যন্ত বেশি’ মাত্রায় পিএমএমএ পাওয়া যায়।
ট্রিমবোস ইনস্টিটিউট সতর্ক করে বলেছে, এসব বড়ি কোনো অবস্থাতেই ব্যবহার করা উচিত নয়। এগুলো সেবনে শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গিয়ে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হতে পারে।
প্রতিষ্ঠানটি জানায়, বড়িগুলোর এক পাশে ট্রাম্পের মুখের ছবি এবং অন্য পাশে ‘ট্রাম্প’ ও ‘এনএল’ লেখা রয়েছে।
পিএমএমএ এমন একটি রাসায়নিক, যার বৈশিষ্ট্য এক্সট্যাসির প্রধান উপাদান এমডিএমএর সঙ্গে কিছুটা মিল রয়েছে। তবে এর প্রভাব তুলনামূলক দেরিতে শুরু হতে পারে এবং প্রত্যাশিত উদ্দীপক অনুভূতি নাও তৈরি হতে পারে। ফলে অতিরিক্ত সেবনের ঝুঁকি বাড়ে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
সম্ভাব্য ব্যবহারকারীদের বমিভাব, হৃদস্পন্দন বেড়ে যাওয়া এবং খিঁচুনির মতো শারীরিক সমস্যা দেখা দিতে পারে বলেও জানানো হয়েছে। এসব উপসর্গ বড়ি সেবনের কয়েক ঘণ্টা পরও দেখা দিতে পারে।
ট্রিমবোস ইনস্টিটিউটের মুখপাত্র অ্যানিক গ্রুটহুইস জানিয়েছেন, এসব বড়ি সেবনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো মৃত্যু বা গুরুতর অসুস্থতার খবর এখনো পাওয়া যায়নি।
নেদারল্যান্ডসে এক্সট্যাসি উৎপাদন, বিক্রি ও ব্যবহার বেআইনি হলেও ২০২৪ সালের এক সরকারি প্রতিবেদনে বলা হয়, পার্টিতে ব্যবহারের মাদক হিসেবে এটি এখনো বেশ জনপ্রিয়।
এর আগেও ট্রাম্পের মুখের আদলে এক্সট্যাসি বড়ি তৈরি হয়েছিল। ২০১৭ সালে জার্মান পুলিশ ট্রাম্পের মাথার আকৃতির প্রায় ৫ হাজার কমলা রঙের বড়ি জব্দ করেছিল।
সূত্র: বিবিসি
