জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
আজকাল ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২৫ এএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার
বংলাদেশী অধ্যুষিত কুইন্সের জ্যামাইকা এলাকার নতুন প্রজন্মদের উৎসাহিত করতে প্রতি বছরের মতো এবছরও প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি (জেবিএফএস) স্কুল সাপ্লাই বিতরণ করেছে। উৎসবমুখর পরিবেশে গত ২১ আগস্ট শুক্রবার বিকালে স্থানীয় হাইল্যান্ড এভিনিউস্থ ক্যাপ্টেন টিলি পার্কে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল সাপ্লাই বিতরণ করা হয় বলে সংগঠনের কর্মকর্তা জানিয়েছেন। স্কুল সাপ্লাই বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ছিলো বিনোদনেরও ব্যবস্থা।
উল্লেখ্য, গ্রীষ্মকালীন অবকাশ শেষে নিউইয়র্ক সিটির স্কুল শুরু হতে যাচ্ছে আগামী ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার। শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছে নূতন শিক্ষা বর্ষ শুরু করতে। অভিভাবকরাও ব্যস্ত হয়ে পড়েছেন সন্তানদের সাথে তাদের স্কুল সাপ্লাই কেনাকাটা সহ অন্যান্য প্রস্তুতি নিতে। সংশ্লিস্ট সূত্র মতে, আগামী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নিউইয়র্কে প্রি-কে থেকে ১২ গ্রেড পর্যন্ত প্রায় ১ মিলিয়ন শিক্ষার্থী নতুন ক্লাসে যাবে।
বিকাল ৫টায় স্কুল সাপ্লাই বিতরণ করার কথা থাকলেও বিকাল ৪টা থেকেই অভিভাবকদের নিয়ে শিক্ষার্থীরা পার্কে উপস্থিত হতে থাকে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ছাড়াও অন্যান্য কমিউনিটির অভিভাবকগণ তাদের সন্তানদের নিয়ে লাইনে দাঁড়িয়ে স্কুল সাপ্লাই গ্রহণ করেন। তাদের হাতে স্কুল সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথি ও সোসাইটির কর্মকর্তারা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে চিপস, পপকন, সিঙ্গারা, পানির বোতলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
নতুন স্কুল সামগ্রী পেয়ে শিশু-কিশোররা আনন্দে মুখরিত করে তোলে ক্যাপ্টেন টিলি পার্ক। তাদেও কলকাকলিতে উৎসবমখির হয়ে উঠে পার্ক প্রাঙ্গন। স্কুল সাপ্লাইয়ের মধ্যে ছিল স্কুলব্যাগ, পেন্সিল, খাতা, নোটবুক সহ বিভিন্ন ধরনের খেলনা।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিআইপি গহর এস জামিল ও সিপিএ জাকির চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক এনায়েত মুন্সীর পরিচালনায় এবং সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানির তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা ডা. ওয়াজেদ খান, উপদেষ্টা সালেহ আহমেদ, অধ্যাপিকা হুসনে আরা, সাহাব উদ্দিন সাগর, উপদেষ্টা কামরুজ্জামান কামরুল, জুলকার হায়দার, সাবেক কর্মকর্তা আমিনুল ইসলাম চুন্নু, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, অনুষ্ঠানের আহ্বায়ক ইকবাল আহমেদ, সদস্য সচিব রাশেদুজ্জামান মিয়া হিমু, প্রধান সমন্বয়কারী ইসমাইল হোসেন স্বপন, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহিম, সেবুল মিয়া, শরিফ হোসেন, যুগ্ম সদস্য সচিব ইফফাত ইয়াসমিন রিমি, সাইফুল ইসলাম রিয়াদ, মহিন উদ্দিন পাটোয়ারী, তামান্না আইরিন এবং কর্মকর্তা আলম সরকার, রিজু মোহাম্মদ, নওশাদ হায়দার প্রমুখ। আরো ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী একেএম শফিকুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির আগামী নির্বাচনে প্রার্থী রোমানা আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথি ও ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তারা সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর সবার মধ্যে সুশৃঙ্খলভাবে স্কুল সাপ্লাই তুলে দেওয়া হয়। বক্তারা তাদের বক্তব্যে ফ্রেন্ডস সোসাইটির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের সকল কর্মকান্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বক্তারা জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি-কে প্রবাসের একটি ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে আখ্যায়িত করেন। এছাড়াও ব্যাক টু স্কুল প্রোগ্রামটি সফল করার জন্য তারা অভিভাবক এবং ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তাদের ধন্যবাদ জানান। (খবর ইউএনএ)
