শিশুদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্ট্রাগ্রাম নিষিদ্ধ হচ্ছে
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩২ এএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার
- মেটা জরিমানা প্রদান করবে ১৭.১ বিলিয়ন ডলার
শিশুদের জন্য ফেসবুক,টিকটক ও ইনস্ট্রাগ্রাম নিষিদ্ধ। ১৩ বছরের নীচে বয়স হলেই তারা সোশাল মিডিয়ায় প্রবেশ করতে পারবে না। ১৩ বছরের কম বয়সী শিশুদের শনাক্ত করে সোশাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা জোরদার করা হবে। আগামী ৬ মাসের মধ্যে মেটা এ কাজটি সম্পন্ন করবে। সোশাল মিডিয়ার মাদার প্রতিষ্ঠান মেটা কিশোর-কিশোরীদের প্ল্যাটফর্মে কাটানো সময়ের ওপর সীমাবদ্ধতা আরোপ এবং মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায় এমন সব ফিচার নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে আদালতে। এর মধ্যে রয়েছে দৈনিক ব্যবহারের সময়সীমা নির্ধারণ এবং রাতের বেলা ব্যবহারের ওপর এমন বিধিনিষেধ। তবে তা নিয়ন্ত্রন করবেন অভিভাবকরা। কিশোর-কিশোরীদের প্ল্যাটফর্মে কাটানো সময়ের ওপর সীমাবদ্ধতা আরোপ এবং মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায় এমন সব ফিচার নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে মেটা।স্কুল চলাকালীন ও রাতে নোটিফিকেশনের ওপর সীমাবদ্ধতা। কিশোর-কিশোরীদের পোস্টে ‘লাইক’-এর সংখ্যা প্রদর্শন বন্ধ করা ও প্লাস্টিক সার্জারি ফিল্টার নিষিদ্ধ করা থাকবে মেটার হাতে। সোশ্যাল মিডিয়া আসক্তি সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে একটি যুগান্তকারী সমঝোতা চুক্তির আওতায় মেটা ১৭.১ বিলিয়ন ডলার পর্যন্ত অর্থ প্রদান করতে সম্মত হয়েছে। মামলাটি যুক্তরাষ্ট্রের বহু অঙ্গরাজ্য যৌথভাবে দায়ের করেছিল। ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা বুধবার ২৬ আগষ্ট সোশ্যাল মিডিয়ায় আসক্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার সমঝোতা করেছে । যুক্তরাষ্ট্রের পরিবার, অভিভাবক ও শিশুদের জন্য-এবং যারা নীরবে কিংবা প্রকাশ্যে মানসিক কষ্টে ভুগছেন, তাদের সবার জন্য আদালতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজয়। ৪৭টি স্টেটের সর্বদলীয় অ্যাটর্নি জেনারেলদের প্রতিনিধিদের সাথে মেটা (গবঃধ) একটি চুক্তিতে পৌঁছেছে। এই সমঝোতার মাধ্যমে ৪৭টি অঙ্গরাজ্যের দায়ের করা অভিযোগের নিষ্পত্তি হলো এবং ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে গত সপ্তাহে শুরু হওয়া একটি বিচার প্রক্রিয়া সংক্ষিপ্ত পরিসরে শেষ হলো। আদালতের নথিপত্র অনুযায়ী, বুধবারই বিচারক ইভন গঞ্জালেজ রজার্স এই সমঝোতা প্রস্তাব অনুমোদন করেন।
ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কেনটাকি এবং নিউ জার্সি-এই অঙ্গরাজ্যগুলোসহ মোট ২৯টি অঙ্গরাজ্য ২০২৩ সালে মেটার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করেছিল। তাদের অভিযোগ ছিল, এই প্রযুক্তি জায়ান্টটি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে তরুণ ইন্টারনেট ব্যবহারকারীদের "প্রলুব্ধ ও আকৃষ্ট করে এবং শেষ পর্যন্ত জালে আটকে ফেলে"। অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, মেটা ইচ্ছাকৃতভাবেই তাদের প্ল্যাটফর্মগুলোকে এমনভাবে তৈরি করেছে যা আসক্তি সৃষ্টি করে এবং এর ঝুঁকি সম্পর্কে ব্যবহারকারী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে।
সমঝোতার পর মেটার একজন মুখপাত্র ইমেইলে বলেন, "অভিভাবকদের ক্ষমতায়ন এবং কিশোর-কিশোরীদের সহায়তা করার লক্ষ্যে আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ওপর ভিত্তি করে শিল্পের নতুন মানদণ্ড নির্ধারণের জন্য আমরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, অঞ্চল এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ৫২ জন অ্যাটর্নি জেনারেলের (সরকারি কৌঁসুলি) একটি দ্বিদলীয় দলের সাথে সমঝোতা চুক্তির ঘোষণা দিয়েছি। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও, এই সুরক্ষা ব্যবস্থাগুলো তখনই সত্যিকার অর্থে কার্যকর হবে যদি আমাদের সমকক্ষ প্রতিষ্ঠান-যেমন টিকটক ও ইউটিউব-একই ধরনের ব্যবস্থা গ্রহণ করে।"
অঙ্গরাজ্যগুলোর অ্যাটর্নি জেনারেলরা জানিয়েছেন, সমঝোতার অংশ হিসেবে মেটা মামলাকারী অঙ্গরাজ্যগুলোর জোটকে আগামী ১০ বছরে অন্তত ১২.১ বিলিয়ন ডলার প্রদান করবে। এছাড়া ইউটিউব ও টিকটকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া কোম্পানি ভবিষ্যতে সমঝোতায় সম্মত হলে মেটা আরও ৫ বিলিয়ন ডলার প্রদান করবে।
