রোববার   ১৬ আগস্ট ২০২৬   শ্রাবণ ৩১ ১৪৩৩   ০২ রবিউল আউয়াল ১৪৪৮

জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১০:০২ পিএম, ১৫ আগস্ট ২০২৬ শনিবার



নিউইয়র্কের জ্যাকসন হাইটসে হামলার শিকার হয়েছেন কমিউনিটির পরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মন্ডল।  হামলায় আহত হয়ে তিনি বর্তমানে এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১১ আগস্ট জ্যাকসন হাইটস থেকে নর্দার্ন বুলেভার্ডে তাঁর বাসার উদ্দেশে যাওয়ার পথে বাংলাদেশি অধ্যুষিত ৭১ স্ট্রিট ও ৩৫ অ্যাভিনিউ এলাকায়, একটি রিহ্যাব সেন্টারের কাছে তিনি হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হঠাৎ এক ব্যক্তি মন্ডলের ওপর আক্রমণ চালায়। কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি তাঁর ঘাড়, বুক, গলা ও মুখে কিল-ঘুষি মারতে থাকে। পরে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেখানে উপস্থিত কয়েকজন লোক তাকে ধাওয়া করে আটক করেন এবং পুলিশে সোপর্দ করেন।  হামলায় আহত ওয়াহেদ আলী মন্ডলকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি এল্মহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  ওয়াহেদ আলী মন্ডলের বড় ছেলে মোক্তার হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে তাঁর বাবার শারীরিক অবস্থার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। 
একজন বীর মুক্তিযোদ্ধার ওপর প্রকাশ্য সড়কে এমন আকস্মিক হামলার ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ, হামলার উদ্দেশ্য এবং আটক ব্যক্তির বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে-তা পুলিশি তদন্তের মাধ্যমে আরও স্পষ্ট হবে। 
কমিউনিটির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মন্ডলের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।