শনিবার   ২৫ জুলাই ২০২৬   শ্রাবণ ৯ ১৪৩৩   ০৯ সফর ১৪৪৮

লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১৯ এএম, ২৫ জুলাই ২০২৬ শনিবার


 
লং আইল্যান্ডের বেশোর এলাকায় ১৪ একর জমির বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে স্থানীয় মুসলিম কমিউনিটি।  ৭৪ হাজার বর্গফুটের একটি সাবেক ক্যাথলিক হাই স্কুল ভবন ক্রয় সম্পন্ন হয়েছে। এটি মুসলিম সম্প্রদায়ের জন্য একটি ঐতিহাসিক অর্জন এবং ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও সেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মূলত টার্কিস ও বাংলাদেশি মুসলিম কমিউনিটি এ উদ্যোগের সাথে জড়িত রয়েছেন। 

প্রতিষ্ঠানটি ৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যে ক্রয় করা হয়েছে। এর প্রকৃত দাম ২৫ মিলিয়ন ডলার। স্টেট এর বিশেষ বিবেচনায় কমিউনিটির কল্যাণে এটি স্বল্প মূল্যে পাওয়া গেছে। 
পরিকল্পনা অনুযায়ী, ভবনটিকে একটি পূর্ণাঙ্গ ইসলামিক হাই স্কুল হিসেবে গড়ে তোলা হবে। এতে ৩০০ শতাধিক শিক্ষার্থীর জন্য আবাসিক (বোর্ডিং) সুবিধা এবং ২০০ জন সিনিয়র সিটিজেনের থাকার ব্যবস্থা রাখা হয়েছে। উদ্যোক্তাদের আশা, শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সেবাকে সমন্বিত করে এটি লং আইল্যান্ড অঞ্চলে একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে। এ প্রতিষ্ঠান ক্রয়ের অন্যতম উদ্যোক্তা বাংলাদেশি কমিউনিটি লিডার গিয়াস আহমেদ আজকালকে বলেন, এই প্রকল্প শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানই নয়; বরং এটি শিক্ষা, সামাজিক সেবা, প্রবীণদের কল্যাণ এবং প্রবাসী সমাজের ভবিষ্যৎ প্রজন্ম গঠনের একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। তাই এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় কমিউনিটি, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সমর্থন কামনা করছি।