শনিবার   ২৫ জুলাই ২০২৬   শ্রাবণ ৯ ১৪৩৩   ০৯ সফর ১৪৪৮

রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!

হাসান মাহমুদ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৯ এএম, ২৫ জুলাই ২০২৬ শনিবার

 

 

  • * প্রধানমন্ত্রী বললেই চলে যাব

  • * মিডিয়ার মিথ্যাচার অসহ্য

  • * হাসিনাকে ফোন করিনি

 

বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ‘পদত্যাগ করছেন’ এমন খবর ঢাকার মূলধারার মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাউর হয়েছে। অনেক প্রিন্ট ও টেলিভিশন মিডিয়া কার্ড বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে তিনি ‘শুক্রবার দুপুরেই পদত্যাগ করছেন’। ঘটনা এখানেই থেমে নেই- নতুন রাষ্ট্রপতি হিসেবে নাসিমুল গণি নামের একজন আমলার ছবি ব্যাপক প্রচার পেয়েছে। এছাড়া অধিকাংশ মিডিয়া বর্তমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার নিচ্ছেন বলেও প্রচার করছে। স্পিকার বিদেশ থেকে যাতে দ্রুত দেশে ফিরে আসেন এমন বার্তা তাঁকে দেওয়া হয়েছে বলেও গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম জড়িয়েও রটনা রয়েছে তিনি রাষ্ট্রপতি হচ্ছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন কি আসলেই আজ শুক্রবার পদত্যাগ করছেন নাকি স্রেফ ধুম্রজাল তৈরি করা হয়েছে বিশেষ একটি মহল থেকে?
পদত্যাগ সম্পর্কে আজকাল-এর এই প্রতিবেদক রাষ্ট্রপতির একান্ত ঘনিষ্ঠ সূত্র থেকে জানতে পেরেছেন আজ শুক্রবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ করার মতো কোন কিছুই ঘটেনি। এমন কিছু তারা জানেনও না। প্রতিবেদককের সূত্রটি জানান গতকাল বৃহস্পতিবারও বঙ্গভবনের সবুজ চত্ত্বরে রাষ্ট্রপতি হেঁটেছেন।  রাষ্ট্রপতি সূত্রটিকে বলেন, ‘ বাংলাদেশ সময় রাত ৮টায়, নিউইয়র্ক সময় সকাল ১০টায় ‘বঙ্গভবনের সবুজ  চত্বরে ২০ মিনিট হেঁটে আসলাম। সকালেও একবার হাঁটি। হাঁটার পর বেশ ভাল লাগে।’ পদত্যাগ সম্পর্কে এ সময় তিনি জানান, ‘চারদিকে মিডিয়ায় যে রকম মিথ্যাচার শুরু হয়েছে তা অসহ্য। মিথ্যা চূড়ান্ত রূপ নিয়েছে বলতে পারেন। কোথায় কি, কোথায় পদত্যাগ! আমাকে তো এখন পর্যন্ত কেউ কিছু বলেননি। প্রধানমন্ত্রী তারেক সাহেব আমাকে যখন চলে যেতে বলবেন তখনই চলে যাব। আমি তো  বলেই রেখেছি। সাথে সাথে সই করে দিব।’ ভারতে থাকা পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে ফোনালাপ হয়েছে প্রসঙ্গে তিনি এ সময় বলেন, ‘যিনি আমাকে গাদ্দার বলেছেন তার সাথে আবার কিসের আলাপ? কিসের ফোন? এসব মিথ্যা তথ্য নিয়ে মিডিয়ায় যা প্রচার করা হচ্ছে তা অসহ্য। আমার দেশ পত্রিকা কি লিখেছে, তা দেখে ডেইলি স্টারও লিখলো। কোন যাচাই বাছাই নেই। এ সব মিথ্যা মেনে নেয়ার মত না।’ এ সময় রাষ্ট্রপতি জানিয়েছেন, ডাক্তারের পরামর্শে গত সপ্তাহে সিএমএইচ-এ (সম্মিলিত সামরিক হাসপাতাল) গিয়েছিলেন। রাতে ঘুমের ঔষধ সেবন করতে বলা হয়েছে। তবে সবকিছু মিলিয়ে রাষ্ট্রপতির স্বাস্থ্য ভালই আছে। অসুস্থতাজনিত কারণে আজই তিনি পদত্যাগ করবেন এমন কোন সমস্যা রাষ্ট্রপতির নেই বলে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ এবং শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির ফোনালাপ হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ‘ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কথিত ফোনালাপের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোন সুনির্দিষ্ট তথ্য পায়নি। যদি বিষয়টি সত্য হয়ে থাকে,  তাহলে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখবে। সরকারও এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করবে।’
সংবিধানে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ৫০(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রেসিডেন্টের পদ শূন্য হলে কিংবা  অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।’ সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ি, পদত্যাগ, মৃত্যু বা অপসারণের কারণে প্রেসিডেন্টের পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হয়।