মঙ্গলবার   ২১ জুলাই ২০২৬   শ্রাবণ ৫ ১৪৩৩   ০৫ সফর ১৪৪৮

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:১২ এএম, ২০ জুলাই ২০২৬ সোমবার

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে শুরু হওয়া সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের (স্টেট ডিপার্টমেন্ট) জারি করা এক নিরাপত্তা বার্তায় আমেরিকান নাগরিকদেরকে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সময় শনিবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি বেশ জটিল রূপ নিয়েছে। যেকোনো মুহূর্তে আকস্মিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। এ অবস্থায় বিশ্বজুড়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদেরকে পরিস্থিতির ওপর নজর রাখা এবং নিকটস্থ দূতাবাস বা কনস্যুলেটের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, ফ্লাইট বাতিল এবং সাময়িকভাবে আকাশসীমা বন্ধ থাকার কারণে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হতে পারে। মধ্যপ্রাচ্যের বাইরেও মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানপন্থী গোষ্ঠীগুলো বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠান কিংবা স্থানগুলোতে হামলা চালাতে পারে।

গত শুক্রবার ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা প্রতিহতের সময় জর্ডানে দুই মার্কিন সেনা নিহত হন। এর প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হলো। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৬ জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন।