থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৯:১৮ এএম, ১৩ জুলাই ২০২৬ সোমবার
টানা কয়েকদিন ধরেই দেশে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। এতে শহরে জলাবদ্ধতা দেখা গেছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বৃষ্টি সহসা শেষ হচ্ছে না।
সোমবারও (১৩ জুলাই) দমকা হাওয়াসহ হালকা, মাঝারী ও কোথাও কোথাও ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, উল্লিখিত অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এই বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত (পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত) দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
