মঙ্গলবার   ০৭ জুলাই ২০২৬   আষাঢ় ২২ ১৪৩৩   ২১ মুহররম ১৪৪৮

বান্দরবানে ১০ জুলাই পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষিদ্ধ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩৩ এএম, ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার

সাম্প্রতিক সময়ে অব্যাহত প্রবল বর্ষণের কারণে পাহাড়ি জেলা বান্দরবানে সম্ভাব্য ঝুঁকি এড়াতে আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত সব ধরনের পর্যটক ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। 

আজ সোমবার রাত ৯টা ৪০ মিনিটে বান্দরবান জেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক পেজে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েক দিন ধরে বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারী বর্ষণ চলছে। এর ফলে জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধস ও সড়ক যোগাযোগব্যবস্থায় বড় ধরনের ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে। সার্বিক আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে এবং স্থানীয় জনগণের পাশাপাশি পর্যটকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই জেলার সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলার কোনো পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণকে ভ্রমণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠপর্যায়ে নজরদারি জোরদার করেছে।