সোসাইটির ভোটার সংখ্যা নিয়ে বাকবিতন্ডা
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:৫১ এএম, ৪ জুলাই ২০২৬ শনিবার
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটির এবারের নির্বাচনকে সামনে রেখে মোট ভোটার বা সদস্য সংগ্রহ হয়েছে ৩৫ হাজার ৩২১। যা ভোটার সংখ্যার রেকর্ড। তবে আগামী অক্টোবরের এ নির্বাচনে ভোটার সংখ্যা নিয়ে দুই প্রতিদ্বন্ধী পক্ষের দাবিতে ভিন্নমত দেখা দিয়েছে। দুই পক্ষের দাবির মধ্যে ৫ হাজার ভোটারের সংখ্যার ব্যবধান রয়েছে।
গত ৩০ জুন সন্ধ্যা ৬টায় ভোটার হওয়ার সময় শেষ ছিল। পরে রাতে ভোটার সংখ্যা গণনা শেষে বাংলাদেশ সোসাইটি অফিসিয়ালি জানিয়েছে, ভোটার হওয়ার শেষ দিনের আগ পর্যন্ত (২৯ জুন) মোট মোটার হয়েছিলেন ৮ হাজার ৭৮১ জন। বাকীরা ভোটার হন শেষ দিনে ৩০জুন। শেষদিনে ভোটার হয়েছেন মোট ২৬ হাজারের ৫০০ জনের বেশি। সব মিলিয়ে ভোটার হয়েছেন ৩৫ হাজার ৩২১ জন। এর মধ্যে ১ হাজার ২৬ জন লাইফ মেম্বার রয়েছেন।
জানা গেছে, চার মাস পরের এ নির্বাচনে দুটি পূর্ণাাঙ্গ প্যানেল প্রতিদ্বন্ধীতা করছেন। সেলিম-আলী প্যানেলের নেতৃত্বে রয়েছেন বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম ও সেক্রেটারি মোহাম্মদ আলী। প্রতিদ্বন্ধী কুনু-ফিরোজ প্যানেলের নেতৃত্বে রয়েছেন সভাপতি প্রার্থী আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আহমেদ।
তবে দুই প্রতিদ্বন্ধী প্রার্থীই নিজেদের পক্ষে সর্বোচ্চ ভোটার নিবন্ধন করিয়েছেন বলে জানি করেছে। একই সঙ্গে সেসব ভোটারের ভোটের উপর দাঁড়িয়ে আগামী নির্বাচনে জয়ের বিষয়ে দৃঢ় প্রত্যয় দেখিয়েছেন। দুই পক্ষই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পক্ষে ভোটার সংখ্যা নিয়ে প্রচারণা চালাচ্ছেন। সেলিম-আলী প্যানেলের সম্ভাব্য প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন তারা ২২ হাজারের বেশি ভোটার ফরম সংগ্রহ করেছেন। অপর দিকে ফিরোজ আহমেদ দাবি করেছেন ১৭ হাজারের বেশি ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। সে হিসেবে মোট ভোটার হওয়ার কথা ৩৯ হাজার। যা সোসাইটির তথ্যের চেয়ে ৫ হাজার বেশি।
কুনু-ফিরোজ পরিষদ বলছে, ব্যক্তিগতভাবে হওয়ার ভোটার ও আজীবন সদস্য বাদে তারা মোট ভোটারের অর্ধেকেও বেশি। এ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আহমেদ ‘আজকাল’কে বলেন, ‘আমরা আমাদের প্যানেল থেকে ১৭ হাজার ৩৭০ ভোটারের কাছ থেকে ভোটার ফরম কালেক্ট করে জমা দিয়েছি। আমারটা বলতে পারি, আমাদের পক্ষেই বেশি ভোটার সংগ্রহ হয়েছে। আমাদের ক্লিন ইমেজের রেকর্ড আছে। আমাদের সামাজিক কাজ সহ অন্যান্য জনহিতকর কাজ সম্পর্কে মানুষ জানে। কুনু ভাই ক্লিন ইমেজের মানুষ। বিভিন্ন সংগঠনকে নেতৃত্ব দিয়েছেন। এর আগেও বাংলাদেশ সোসাইটিকে সভাপতি হিসেবে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। আমরা পুরো প্যানেলের নির্বাচন করব। ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে।’
আপর দিকে সেলিম-আলী প্যানেলের জাহাঙ্গীর সোহরাওয়ার্দী বলেন, ‘আমরা পৌনে ২২ হাজার ভোটারের ফরম জমা দিয়েছি। অন্যরা দিয়েছে আমাদের অর্ধেকের মতো। গত দুই বছরে আমরা অনেক কাজ করেছি। মেইনস্ট্রিমের সঙ্গে সংযোগ স্থাপন করেছি। প্রথমবারের মতো নিউইয়র্ক স্টেট থেকে ৫০ হাজার ডলার অনুদান সংগ্রহ করেছি। পাঁচ ব্যরোতে আলাদাভাবে কাজ করেছি। তাই আমরাই নির্বাচনে জয় লাভের আশা করি।
সদস্য বা ভোটার ফরম জমা নেওয়ার দায়িত্বে থাকা সোসাইটির একজন শীর্ষস্থানীয় দায়িত্বশীল বলেন, নির্বাচনে ভোটার সংগ্রহে এবার রেকর্ড হয়েছে। এর মধ্যে ফরম জমা দেওয়ায় সেলিম-আলী পরিষদ এগিয়ে রয়েছে। এই পরিষদ ২১ হাজারের মতো ফরম জমা দিয়েছে। আর কুনু-ফিরোজ পরিষদ থেকে ১৩ হাজারের কিছু বেশি ফরম জমা হয়েছে।
নির্বাচনে সাড়ে সাত লাখ ডলার আয়
এবার প্রতিটি ভোটার বা সদস্য ফি নেয়া হয়েছে ২০ ডলার করে। সে হিসেবে লাইফটাইম মেম্বার বাদে ৩৪ হাজার ২৯৫ জন সাধারণ সদস্য থেকে ফি বাবদ সোসাইটির মোট আয় হবার কথা ৬ লাখ ৮৬ হাজার ডলার। এছাড়া নির্বাচনে ২১টি পদে দুটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করতে পারে। সে হিসেবে গড়ে দেড় হাজার হিসেবে আরো ৭৫ হাজার ডলার ফি পাওয়া যাবে। সব মিলিয়ে এ নির্বাচন থেকে সাড়ে সাত লাখ ডলার আয় হতে পারে।
বাংলাদেশ সোসাইটির এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের আজকালকে বলেন, আমরা এরই মধ্যে প্রাথমিক প্রিপারেশন নিয়েছি। আগামী এক মাসের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা দিবো। এরপরই তফশিল ঘোষণার কাজ করব। ভোটার সংগ্রহের দিন আমরা তিন কমিশনার সোসাইটি অফিস ভিজিট করেছি। সব কিছুই ঠিকঠাক করেছে।
নির্বাচন কমিশনার শামসুদ্দিন আজাদ বলেন, সদস্য ফরম জমার আগে নির্বাচান কমিশন বৈঠক করেছে। সেখানে ১৮ অক্টোবর নির্বাচনের দিন চূড়ান্ত করা হয়েছে। এরই মধ্যে ৫ ব্যরোতে ৫টি কেন্দ্র প্রায় ঠিক হয়েছে। আগের বছরের চেয়ে প্রর্থীদের ফিও বাড়তে পারে। নির্বাচন করার জন্য কমিশন সার্বিক প্রস্তুতি নিচ্ছে।
