শনিবার   ০৪ জুলাই ২০২৬   আষাঢ় ১৯ ১৪৩৩   ১৮ মুহররম ১৪৪৮

যুক্তরাষ্ট্র আ.লীগ ও জাসদের প্রতিবাদ সভা

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৪৯ এএম, ৪ জুলাই ২০২৬ শনিবার

 

বাংলাদেশের 'জাতীয় সমাজতান্ত্রিক দল' জাসদের সভাপতি হাসানুল হক ইনুর সাজা বাতিল চেয়ে বেকসুর খালাস এবং আইসিটি মামলায় শেখ হাসিনার রায় বাতিলের দাবিতে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে সাথে নিয়ে প্রতিবাদ সভা করেছে যুক্তরাষ্ট্র জাসদসহ দল দুটির অঙ্গ সংগঠন গুলো।
গত ১ জুলাই ডাইভারসিটি প্লাজায় দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি শামছুদ্দিন আজাদ, ফকির ইলিয়াছ, শাহীন আজমল, দুরুদ মিয়া রনেল, শাহ মহিউদ্দিন সবুজ, আবুল ফজল লিটন, সাদিকুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন জাসদ সাধারণ সম্পাদক নূরে আলম জিকু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ এখন অরাজকতার স্বর্গরাজ্য। সেখানে যা খুশি তাই হচ্ছে। বিরোধীপক্ষকে অন্যায়-অত্যাচার ও গুম-খুন করা হচ্ছে। তার নমুনা হচ্ছে- মিথ্যা, প্রহসন ও সাজানো বিচারের মাধ্যমে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে সাজা দেওয়া। অবিলম্বে তার সাজা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

এর পর আওয়ামীলীগ আলাদাভাবে আবার প্রতিবাদ কর্মসূচী পালন করে। সেখানে আওয়ামীলীগ নেতারা অসংখ্য ছাত্রলীগ নেতাকর্মীকে হত্যা করে তাদের লাশ তুরাগ নদীতে ভাসিয়ে দেয়ার অভিযোগ করেন। তারা বলেন, বাংলাদেশের  আওয়ামী লীগ ও  অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি সরকারের  হত্যাযজ্ঞের কারণে তুরাগ নদী এখন রক্তের নদীতে পরিণত হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এবং এসে সব অত্যাচারের বদলা নেবে। তখন বিরোধীদের রক্তে তুরাগ আবার রক্তাক্ত হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। দুই বছরে ১০ হাজারের বেশি আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে।
কর্মসূচি থেকে  বেশ কয়েকবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে খাম্বা তারেক এবং সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে সুদখোর মহাজন বলে কটাক্ষ করা হয়।