জুয়া, অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে বিল
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:২৬ এএম, ২৪ জুন ২০২৬ বুধবার
জুয়া, অনলাইন জুয়া, অনলাইন বেটিংসহ এ ধরনের কার্যক্রম প্রতিরোধে জাতীয় সংসদে একটি বিল উপস্থাপন করা হয়েছে। এ বিলে এ ধরনের অপরাধের জন্য বিভিন্ন দণ্ডের বিধান রাখা হয়েছে। পরে বিলটি পরীক্ষার জন্য স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উপস্থাপন করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন সভাপতিমন্ডলীর সদস্য জয়নুল আবেদীন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থাপিত বিলটি হচ্ছে, জুয়া, অনলাইন জুয়া, অনলাইন জুয়া, অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এতদসংক্রান্ত অপরাধের বিষয়ে দণ্ড প্রদানসহ আনুষাঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নের লক্ষ্যে একটি বিল, 'জুয়া প্রতিরোধ বিল ২০২৬'। বিলটি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উত্থাপন করেন।
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী 'জুয়া প্রতিরোধ বিল ২০২৬' পরীক্ষা পূর্বক ৫ কর্মদিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর জন্য আবেদন করলে সেটি সর্বসম্মতক্রমে কণ্ঠ ভোটের মাধ্যমে স্থায়ী কমিটিতে পাঠানো হয়। স্থায়ী কমিটিতে পরীক্ষার পর সেটি সংসদে রিপোর্ট আকারে পাঠানো হবে।
