দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:০৭ এএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার
দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব করতে প্রধান প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন (ইলেকট্রিক ট্র্যাকশন) চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ উন্নয়নে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়নের কথাও তুলে ধরেন তিনি।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।
কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি জানান, মহাসড়কে পর্যায়ক্রমে এক্সপ্রেসওয়ে গ্রিড ও মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি ওভারলোড নিয়ন্ত্রণে স্মার্ট মনিটরিং ও এক্সেল লোড নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হবে।
