মঙ্গলবার   ২৮ জুলাই ২০২৬   শ্রাবণ ১৩ ১৪৩৩   ১২ সফর ১৪৪৮

বাংলাদেশ সোসাইটিকে নিউইয়র্ক স্টেটের ৪৫ হাজার ডলার অনুদান

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫২ এএম, ১৩ জুন ২০২৬ শনিবার


 
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ‘আমব্রেলা সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক স্টেট থেকে ৪৫ হাজার ডলারের অনুদান পেয়েছে। অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩৮-এর নির্বাচিত সদস্য জেনিফার রাজকুমারের উদ্যোগ ও সহযোগিতায় এ অনুদান লাভ করে সংগঠনটি। অনুদানের চেক জেনিফার রাজকুমার নিজ হাতে বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
এ উপলক্ষে ৭ জুন রোববার সন্ধ্যায় কুইন্সের এলমহার্স্টে বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। অনুষ্ঠানে  প্রথমবারের মতো বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে আগমন করলে অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমারকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের কর্মকর্তারা। সংক্ষিপ্ত বক্তব্যে জেনিফার রাজকুমার বলেন, নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটি ক্রমেই এগিয়ে যাচ্ছে।

এই কমিউনিটির অব্যাহত সমর্থন ও সহযোগিতায় আমি অভিভূত এবং কৃতজ্ঞ। তিনি বলেন, এই প্রথমবারের মতো নিউইয়র্ক স্টেট থেকে বাংলাদেশ সোসাইটি অনুদান পেয়েছে। আশা করি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। একজন অ্যাসেম্বলি সদস্য হিসেবে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে আমি কাজ করে যাব।এ সময় তিনি আগামী নির্বাচনেও বাংলাদেশ সোসাইটি ও বৃহত্তর বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা কামনা করেন। সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার বাংলাদেশি কমিউনিটির একজন সত্যিকারের বন্ধু। নিউইয়র্ক স্টেট থেকে এ অনুদান প্রাপ্তিই তার প্রমাণ। ভবিষ্যতেও তিনি বাংলাদেশ সোসাইটির জন্য বিভিন্ন অনুদান ও সহযোগিতা অর্জনে ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।

সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের সকল কর্মকর্তার আন্তরিক প্রচেষ্টা এবং অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমারের সার্বিক উদ্যোগ ও সহযোগিতার ফলেই সোসাইটি প্রথমবারের মতো ৪৫ হাজার ডলারের অনুদান লাভ করেছে। এ জন্য আমরা সোসাইটি ও কমিউনিটির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। সভায় উপস্থিত অন্যান্য কর্মকর্তারাও জেনিফার রাজকুমারকে অভিনন্দন জানান এবং বাংলাদেশি কমিউনিটির প্রতি তার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজহারুল হক মিলন, আব্দুর রহীম হাওলাদার ও আতয়ারুল আলমসহ কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরী সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মুনসুর আহমদ ও হাছান খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহামারি কোভিড-১৯ চলাকালে বাংলাদেশ সোসাইটির মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এএইচ-১৬ ড্রিম ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত একটি সম্মাননা স্মারক বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন সংগঠনের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান ট্রাস্টি বোর্ড সদস্য আব্দুর রহীম হাওলাদার। এতদিন স্মারকটি তার কাছেই সংরক্ষিত ছিল।