শাকিরার নাচেগানে বিশ্বকাপের পর্দা উঠলো
হাসান মাহমুদ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:১১ এএম, ১৩ জুন ২০২৬ শনিবার
‘বিশ্বকাপ জ্বরে’ আক্রান্ত কোটি কোটি মানুষ। সুরের মধুর মুর্ছনা। চোখ ধাধানো আতশবাজি। আকর্ষণীয় মার্চ পাস্ট। এসব নিয়ে বিশ্বের কোটি কোটি মানুষের চোখ ছিল গতকাল বৃহস্পতিবার মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামের ঝলমল মাঠে। মেক্সিকোর সিটির জমকালো আয়োজনের মধ্যদিয়ে বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর পর্দা উঠলো। ‘প্রাসাদের নগরী’ মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে শুরু হওয়া মনোজ্ঞ অুনষ্ঠানে মঞ্চ মাতান গায়িকা শাকিরা। শিল্পী বার্না বয়ের সঙ্গে মিলে শাকিরা উপহার দিয়েছেন বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই (চলো এগিয়ে যাই)’। মেক্সিকো সিটিতে বিশাল জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো বিশ্বকাপের আসর। আজতেকা স্টেডিয়ামে খেলা শুরুর আগে দুই ভাগে হয় উদ্বোধনী অনুষ্ঠান। শুরুর প্রথম ২০ মিনিট দর্শকদের নাচে-গানে মাতিয়ে রাখেন শিল্পীরা। এরপর মাঠে ওয়ার্ম-আপ শেষ করে উদ্বোধনী ম্যাচের দুই দল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। শুরু হয় দ্বিতীয় ভাগের অনুষ্ঠান। দলগুলো পতাকা নিয়ে মার্চ পাস্টের পর আবার শুরু সুরের মুর্ছনা। তিনটি লাল কার্ড আর দুটি আকর্ষণিয় গোল দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিল। এখন থেকে ১৬ বছর আগে ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এই দুই দল ১-১ গোলে ড্র করেছিল। ১৬ বছর পর আবার তারা মুখোমুখি হয়েছে। স্বাগতিক মেক্সিকো এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-০ গোলের ব্যবধানে আরামদায়ক এক জয় নিয়ে তাদের পথে এগিয়ে যাচ্ছে। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো তিন দেশ আয়োজকÑ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তিনটি দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেক্সিকোয় মেক্সিকো সিটি, কানাডায় টরন্টো ও যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসে।
২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি হয় মেক্সিকোর উইঙ্গার হুলিয়ান কিনিওনেসের পা থেকে। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচের শুরুতেই গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মেক্সিকোর ১৬ নম্বর জার্সিধারী এই ফরোয়ার্ড। ম্যাচের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার রক্ষণে চাপ তৈরি করছিল মেক্সিকো। সেই চাপের ফল আসে ৯ মিনিটেই। নিজেদের রক্ষণভাগে বল হারায় দক্ষিণ আফ্রিকা। দ্রুত আক্রমণে যায় মেক্সিকো। সুযোগ পেয়ে নিচু ও জোরালো শটে বল জালে পাঠিয়ে দেন কিনিওনেস। দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে আসতেকা। এমন একটি গোল নিয়ে শুধু মেক্সিকো এগিয়ে যায়নি, কিনিওনেসের নামও লেখা হয়ে যায় ২০২৬ বিশ্বকাপের ইতিহাসে। প্রতিটি বিশ্বকাপেই প্রথম গোলদাতার নাম আলাদা করে মনে রাখা হয়। যুগযুগ ধরে তার নাম মানুষ মনে রাখবে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় মেক্সিকোর হাতে। ৪৯তম মিনিটে মেক্সিকোর গুতিয়ারেজকে গোলমুখে আটকে দেয়ায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকার ইয়াইয়া সিথোলে। ১০ জনের দলে পরিণত হওয়া দক্ষিণ আফ্রিকাকে আরও চেপে ধরে মেক্সিকো। ৬৭তম মিনিটে রবার্তো আলভারাডোর দুর্দান্ত ক্রস থেকে চমৎকার হেডে ব্যবধান দ্বিগুণ করেন অভিজ্ঞ স্ট্রাইকার রাউল হিমিনেজ। মেক্সিকোর জার্সিতে চতুর্থ বিশ্বকাপ খেলতে নামা হিমিনেজের বিশ্বমঞ্চে প্রথম গোল এটি।
ম্যাচের শেষ ভাগে দেখা যায় নানা ঘটনা। ৮৪তম মিনিটে মেক্সিকোর আলভারাডোকে আঘাত করে বসেন থেম্বা জোয়ান। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) চেকের পর দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডারকে লাল কার্ড দেখান রেফারি। ৯ জনের দলে পরিণত হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ তখন শেষের পথে। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে মেক্সিকোর অধিনায়ক সিজার মন্তেস অপ্রয়োজনীয় এক ফাউল করে বসেন। রেফারি তাকেও সরাসরি লাল কার্ড দেখালে ম্যাচ শেষ হয় ৩টি লাল কার্ডের নাটকীয়তা দিয়ে। শেষ পর্যন্ত ২-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো। টরন্টো স্টেডিয়ামে স্বাগতিক কানাডা মুখোমুখি বসনিয়া ও হার্জেগোভিনার। এই ম্যাচ দিয়েই কানাডায় পর্দা উঠবে বিশ্বকাপের। শনিবার অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে আসরের আরেক স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
নিউইয়র্কের ইউএসটিএ বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে বৃস্পতিবার নিউইয়র্ক-নিউজার্সি অঞ্চলের ফিফা বিশ্বকাপ ফুটবল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল, সিনেটের সদস্যবৃন্দ, মেয়র অফিসের প্রতিনিধি এবং বরো প্রেসিডেন্ট ফিতা কেটে এই বর্ণাঢ্য আয়োজনের সূচনা করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তারা বিশ্বকাপ ফুটবলের চেতনা, বৈশ্বিক সম্প্রীতি এবং ক্রীড়ার শক্তিকে তুলে ধরেন। বিশ্বকাপের জয়গানে মুখর পরিবেশের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এর আগে উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবেন কানাডীয় শিল্পী অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা, উইলিয়াম ফ্রিন্স এবং লস অ্যাঞ্জেলসভিত্তিক বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। থাকবেন ইলিয়েনা, জেসি রেইজ এবং বলিউড তারকা নোরা ফাতেহিও।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ব্যাপক প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের পর্দা উঠবে লস অ্যাঞ্জেলসে। লড়বে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং লাতিন দেশ প্যারাগুয়ে। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন মার্কিন গায়িকা ও গীতিকার ক্যাটি পেরি। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের অনুষ্ঠানে থাকবে বড় পরিসরের ভিজ্যুয়াল ও আকর্ষণীয় গল্পগাথা। সেই সঙ্গে মঞ্চ মাতাবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা, রেমা এবং টাইলার মতো বিশ্বখ্যাত শিল্পীরা।
