বুধবার   ১০ জুন ২০২৬   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩   ২৪ জ্বিলহজ্জ ১৪৪৭

যুক্তরাষ্ট্র লাল কার্ড দেখলেই মিলবে লাখ টাকার ফ্রি পিৎজা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৪ এএম, ১০ জুন ২০২৬ বুধবার

ফুটবল মাঠে লাল কার্ড পাওয়া যেকোনো দলের জন্যই এক বড় বিপর্যয়। এর ফলে কেবল একজন খেলোয়াড়ই মাঠ ছাড়েন না, পুরো দলকে পড়তে হয় চরম ঝুঁকিতে। তবে আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ফুটবল দলের কেউ লাল কার্ড পেলে মার্কিন ফুটবলপ্রেমীদের জন্য তা উল্টো আনন্দের কারণ হতে পারে!

না। এমন কোনো কারণে না, লাল কার্ডের জন্য মাঠের সেই হতাশা ভুলিয়ে দিতে এক অভিনব অফার নিয়ে হাজির হয়েছে বিখ্যাত পিৎজা চেইন ‘ডোমিনোজ’। যুক্তরাষ্ট্রের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলেই ভক্তদের ১০ লাখ ডলার সমমূল্যের ফ্রি পিৎজা দেবে প্রতিষ্ঠানটি।

ব্যতিক্রমী এই প্রচারণামূলক অফারের নাম দেওয়া হয়েছে ‘ইমার্জেন্সি পিৎজা’। ডোমিনোজের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কেট ট্রাম্বুল সোমবার এই ঘোষণা দিয়ে বলেন,

'ফুটবল ভক্তরা ভালো করেই জানেন, প্রিয় দলের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখার চেয়ে বড় বিপর্যয় আর হতে পারে না। যদি মার্কিন স্কোয়াডের সাথে এমন কিছু ঘটে, তবে সেই কষ্ট কিছুটা লাঘব করতেই ডোমিনোজ এই ফ্রি পিৎজার ব্যবস্থা করেছে। এটি হয়তো ম্যাচের ফলাফল বদলে দেবে না, তবে ভক্তদের মন ভালো করতে দারুণ টনিক হিসেবে কাজ করবে।’ 

এই অফারের নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কোনো ফুটবলার লাল কার্ড পাওয়ামাত্রই লটারির মাধ্যমে ৬০ হাজারেরও বেশি ভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হবে। বিজয়ীদের প্রত্যেককে দুটি টপিং সংবলিত একটি মাঝারি সাইজের পিৎজা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এই সুযোগ লুফে নিতে ফুটবলপ্রেমীদের ডোমিনোজের ওয়েবসাইটে গিয়ে ১০ জুনের মধ্যে নিবন্ধন করতে হবে এবং তাদের রিওয়ার্ডস প্রোগ্রামের অন্তর্ভুক্ত হতে হবে। অফারটি জেতার পর ২০২৬ সালের ২ আগস্ট পর্যন্ত যেকোনো সময় এই ফ্রি পিৎজা দাবি করা যাবে।

বিশ্বকাপের উন্মাদনাকে আরও বাড়িয়ে দিতে 'স্যাটারডেজ ফুটবল'-এর সাথে যৌথ উদ্যোগে জার্সি, ক্যাপ ও স্লাইডারের মতো কিছু বিশেষ মার্চেন্ডাইজও বাজারে এনেছে ডোমিনোজ। আগামী বৃহস্পতিবার (১১ জুন) থেকে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে শুরু হতে যাচ্ছে মাঠের এই মহালড়াই।