রোববার   ৩১ মে ২০২৬   জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩   ১৪ জ্বিলহজ্জ ১৪৪৭

ইউটিউবেই দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪১ এএম, ৩১ মে ২০২৬ রোববার

ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বের কোটি কোটি দর্শকের নজর এক মঞ্চে। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ঘিরেও সম্প্রচারস্বত্ব নিয়ে বিভিন্ন দেশে চলছে আলোচনা। বাংলাদেশ ও ভারতে এখনো আনুষ্ঠানিক সম্প্রচারকারী প্রতিষ্ঠানের ঘোষণা না আসায় সমর্থকদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। এর মধ্যেই জানা গেছে, ব্রাজিলের দর্শকরা ইউটিউবেই বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ উপভোগ করতে পারবেন।

সৌদি আরবের ক্লাব আল নাসরের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর বিনিয়োগে পরিচালিত ব্রাজিলিয়ান স্পোর্টস মিডিয়া প্রতিষ্ঠান লাইভমোডের অংশীদার প্ল্যাটফর্ম কাজেটিভি টুর্নামেন্টের ১০৪টি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে। 

ব্রাজিলিয়ান কনটেন্ট নির্মাতা ও স্ট্রিমার কাসিমিরো মিগুয়েল ২০২২ সালে লাইভমোডের সহযোগিতায় কাজেটিভি চালু করেন। কাতার বিশ্বকাপে নির্বাচিত কিছু ম্যাচ সম্প্রচারের মাধ্যমে আলোচনায় আসে প্ল্যাটফর্মটি। পরে নারী বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ এবং অলিম্পিকসহ বিভিন্ন বড় ক্রীড়া আসরের সম্প্রচার করেছে তারা।

২০২৬ বিশ্বকাপ উপলক্ষ্যে কাজেটিভি ফোরকে রেজল্যুশনে ম্যাচ দেখানোর পরিকল্পনা করেছে। পাশাপাশি থাকবে বিশেষ অনুষ্ঠান, পর্দার পেছনের নানা গল্প এবং তরুণ দর্শকদের জন্য ইন্টারঅ্যাক্টিভ কনটেন্ট। তবে ব্রাজিলের বাইরে থাকা দর্শকদের জন্য রয়েছে সীমাবদ্ধতা। বাংলাদেশ বা ভারতের ফুটবলপ্রেমীরা ইউটিউব কিংবা টুইটে কাজেটিভির চ্যানেল খুঁজে পেলেও সরাসরি ম্যাচ দেখতে পারবেন না। কারণ বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচারস্বত্ব তারা কেবল ব্রাজিলিয়ান অঞ্চলের জন্যই পেয়েছে। ফলে অন্যান্য দেশের দর্শকদের জন্য সম্প্রচার সেবা জিও-ব্লক করা থাকবে।