নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৮:২৮ এএম, ২৮ মে ২০২৬ বৃহস্পতিবার
নিউইয়র্কের লংআইল্যান্ডের হ্যাকশেয়ার স্টেট পার্কে ‘বনছায়ায় একদিন’ শিরোনামে অনুষ্ঠিত হয়েছে ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’ এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা। রোববার (২৪ মে) ক্লাবের সদস্য, তাদের পরিবার-পরিজন এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর ছিল এই আয়োজন।
এদিন সকাল থেকেই প্রবল বৃষ্টির কারণে বনভোজন অনুষ্ঠান নিয়ে কিছুটা আশঙ্কা তৈরি হয়েছিল। তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই গণমাধ্যমকর্মীরা দিনটিকে আনন্দ-উৎসবে রাঙিয়ে তোলেন, যা পরে প্রবাসীদের এক মিলনমেলায় রূপ নেয়।
বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। তিনি তার বক্তব্যে বলেন, “নিউইয়র্ক প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ধরে রাখতে এই ধরনের বনভোজনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিবাসী সমাজে সব বাংলাদেশির ঐক্যবদ্ধ থাকা জরুরি।” এ সময় তিনি সমাজ ও প্রবাসীদের পথচলায় সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা সোসাইটির সভাপতি ও সমাজকর্মী দুলাল বেহেদু বলেন, “এই প্রবাসী সমাজই আমাদের কাছে বাংলাদেশ। প্রবাসে আমরা একে অপরের নিকটজন। যেকোনো বিপদে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াতে পারি, এটাই হোক আমাদের অঙ্গীকার।”
অনুষ্ঠানে দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করে আরও বক্তব্য দেন ‘জন্মভূমি’ পত্রিকার সম্পাদক রতন তালুকদার ।
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শওকত ওসমান রচির সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি দর্পণ কবীর ও মোহাম্মদ সাঈদ। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার এবং বনভোজন উপ-কমিটির আহ্বায়ক আবু বকর সিদ্দিক। সমাপনী বক্তব্যে সভাপতি শওকত ওসমান রচি বৈরী আবহাওয়া সত্ত্বেও অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্লাবের প্রতি ভালোবাসা প্রকাশ করায় সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান ।
দিনভর এই আয়োজনে ভোজনরসিকদের জন্য ছিল বিশেষ চমক। স্পটেই গরম গরম লুচি ভাজা, চা ও বিকেলে পেঁয়াজু তৈরির পাশাপাশি মধ্যাহ্নভোজে কাচ্চি বিরিয়ানি পরিবেশন করা হয়।
খাবারের পাশাপাশি ছিল বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, আকর্ষণীয় র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। র্যাফেল ড্র-তে প্রথম পুরস্কার সোনার চেইন জেতেন রোকেয়া দীপা, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ পান মিসেস পাহলভী এবং তৃতীয় পুরস্কার অ্যাপেল ওয়াচ জেতেন মিসেস মঞ্জুরুল ইসলাম। এ ছাড়া নারীদের লুডু খেলায় প্রথম হয়ে কানের দুল জেতেন হাসিনা আক্তার। সাংস্কৃতিক পর্বে চমৎকার সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন শিল্পী আফজাল হোসেন ও শেখ নীলিমা শশী।
