শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

১০০ কোটি রুপি কর ফাঁকি সোনিয়া-রাহুলের

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তার মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ১০০ কোটি রুপি কর ফাঁকির অভিযোগ এনেছে ভারতের আয়কর দফতর। বুধবার কর পরিশোধের নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর।

 

তাদের অভিযোগ, ২০১১-১২ অর্থবছরে রাহুল ও সোনিয়া যথাক্রমে ১৫৪ দশমিক ৯৬ কোটি ও ১৫৫ দশমিক ৪১ কোটি রুপি আয় গোপন করেছেন।

অথচ, কাগজে-কলমে রাহুল নিজের আয় দেখিয়েছিলেন মাত্র ৬৮ লাখ রুপি। টাইমস অব ইন্ডিয়া জানায়, সোনিয়া ও রাহুলের অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল) সংক্রান্ত আয় খতিয়ে দেখে নোটিশ জারি করে আয়কর দফতর।

ন্যাশনাল হেরাল্ড মামলায় এমনিতেই বেশ কিছুদিন ধরে বিপত্তিতেই রয়েছে গান্ধী পরিবার। এবার যোগ হলো নতুন মাত্রা। রাহুল-সোনিয়ার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে তদন্ত শুরু করার অনুমতি পাওয়ার পরই তাদের আয়ের হিসাব খতিয়ে দেখা শুরু করে আয়কর দফতর।

অভিযোগ উঠেছে, ২০১১-১২ অর্থবছরে কোটি কোটি রুপি আয় গোপন করে গিয়েছেন কংগ্রেস সভাপতি এবং ইউপিএ চেয়ারপার্সন। অভিযোগ ২০১১-১২ অর্থবছরে রাহুলের আয় ছিল ১৫৪ কোটি রুপির কাছাকাছি। আর সোনিয়ার আয় ছিল ১৫৫ কোটির কিছু বেশি। অথচ কাগজে-কলমে কংগ্রেস সভাপতি নিজের আয় দেখিয়েছিলেন মাত্র ৬৮ লাখ রুপি।

আয়কর দফতরের অভিযোগ, কর ফাঁকি দেয়ার জন্য বিপুল পরিমাণ আয়ের তথ্য গোপন করেছেন রাহুল এবং সোনিয়া।

এর পাশাপাশি কর ফাঁকির অভিযোগ উঠেছে কংগ্রেস নেতা অস্কার ফার্নান্দেজের বিরুদ্ধেও। আয়কর দফতরের হিসাব অনুযায়ী, প্রায় ৪৯ কোটি রুপির আয় গোপন করেছেন তিনি। আয়কর দফতরের হিসাব অনুযায়ী, গান্ধী পরিবার মোট ৩০০ কোটিরও বেশি রুপি আয়ের কথা গোপন করেছে, যার কর প্রায় ১০০ কোটি রুপি।