শুক্রবার   ২২ মে ২০২৬   জ্যৈষ্ঠ ৮ ১৪৩৩   ০৫ জ্বিলহজ্জ ১৪৪৭

‘দেশী প্যারেডে বিদেশী নৃত্য’

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ২২ মে ২০২৬ শুক্রবার


নিউইয়র্কে ‘বাংলাদেশ ডে প্যারেডে’ বিদেশি মেয়েদের দিয়ে উদ্দাম নৃত্য, স্বল্প পোশাকের নাচের দৃশ্য বাংলাদেশের সংস্কৃতিতে কালিমা লেপনের ঘটনা বলে কমিউনিটিতে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে। সারা দুনিয়ায় এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। অতীতে কোন প্যারেডে স্প্যানিশ মেয়েদের দিয়ে নৃত্য করানোর মতো ঘটনা ঘটেনি বলে সাধারণ বাংলাদেশিরা ক্ষোভ জানিয়ে বলেন, ‘আগামীতে সপরিবারে আর প্যারেডে অংশগ্রহণ করার মতো পরিবেশ রাখা হয়নি।’ প্যারেডের পরিবেশ বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করে কি-না সেই প্রশ্নও উঠেছে প্রবাসিদের পক্ষ থেকে। বাংলাদেশি কমিউনিটির অসংখ্য সংগঠন এই প্যারেডে এবার অংশগ্রহণ করেনি। সে কারণেই বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল কম। প্যারেডে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, গ্রাম-বাংলাকে তুলে ধরতে না পারলে আগামীতে ‘বাংলাদেশ ডে প্যারেড’ কেবল ম্লান থেকে ম্লানই হতে থাকবে বলে আশংকা। ৮৫ হাজার ডলার খরচ করে এবারের প্যারেডে এই কলঙ্ক কেন সেই প্রশ্ন তুলেছেন প্রবাসি বাংলাদেশিরা। 
এদিকে প্যারেডের একজন গ্রান্ড মার্শালের অশালীন কথাবার্তা ও মন্তব্য সাংস্কৃতিক কর্মিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তিনি বাংলাদেশের প্রখ্যাত এক অভিনয় শিল্পীকে নোংরা ভাষায় কটাক্ষ করেছেন। এতে প্যারেডে উপস্থিত সাংস্কৃতিক কর্মিরা মর্মাহত হয়েছেন।