শুক্রবার   ২২ মে ২০২৬   জ্যৈষ্ঠ ৮ ১৪৩৩   ০৫ জ্বিলহজ্জ ১৪৪৭

শেখ হাসিনার দেশে ফেরা না ফেরার প্রশ্নে হঠাৎ আলোচনা কেন?

আজকাল ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ২২ মে ২০২৬ শুক্রবার


 
চব্বিশের গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার পর বিভিন্ন সময় তার রাজনীতিতে ফেরা না ফেরার প্রশ্ন্ন আলোচনায় এসেছে।সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে 'শিগগিরই' দেশে ফিরবেন বলে শেখ হাসিনার যে বক্তব্য প্রকাশ হয়েছে, তাতে নতুন করে এই আলোচনা সামনে এসেছে। যদিও নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আছে এবং দলটির নিবন্ধনও স্থগিত রয়েছে।

একইসঙ্গে, চব্বিশের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড হয়েছে শেখ হাসিনার। এছাড়া একাধিক দুর্নীতির মামলাতেও তার সাজা রয়েছে।
 সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, শেখ হাসিনার দেশে ফিরে আসা অথবা নতুন করে আওয়ামী লীগের রাজনীতি শুরু কতটা চ্যালেঞ্জের?

কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এটা সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক।

বিবিসি বাংলাকে নাছিম বলেন, "এই ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রমকে অনতিবিলম্বে বাতিল করতে হবে। সকল রাজবন্দিকে মুক্তি দিতে হবে। ২০২৪ এর পাঁচই অগাস্টের পরে যত রায় হয়েছে, অর্থাৎ শেখ হাসিনাকে ফাঁসির যে আদেশ দিয়েছে সেই আদেশসহ সকল রায় অনতিবিলম্বে গণতন্ত্রের স্বার্থে বাতিল করতে হবে।"

এদিকে, অন্তর্বর্তী সরকারের সাবেক একজন উপদেষ্টা মাহফুজ আলম আওয়ামী লীগের ফেরা নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টকে ঘিরেও এই আলোচনা আরো বেড়েছে। যদিও বিশ্লেষকরা বলছেন, আইনের মাধ্যমে অর্থাৎ নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ভোটের রাজনীতিতে তারা প্রত্যাখ্যাত হয়নি।ফলে শেখ হাসিনা অথবা তার দল উভয়েরই বাংলাদেশের রাজনীতিতে ফেরার সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেন, "সরকার তো আইন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। মানুষ তো আর ভোট দিয়ে হাসিনাকে রিজেক্ট করে নাই, কারণ তারা ভোটে সেটা করার সুযোগই পায়নি। ফলে ওইখানে একটি দুর্বলতা রয়ে গেছে। যতদিন জনগণের এই সমর্থন আছে, ততদিন শেখ হাসিনার কামব্যাক করার সম্ভাবনাটা থেকেই যায়। (সূত্র-বিবিসি বাংলা)