বিজেপিতে লাফ তৃণমূল এমপি সৌমিত্র খানের
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৪১ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদ সদস্য সৌমিত্র খান বিজেপি দলে যোগ দিয়েছেন। বুধবার দুপুরে নয়াদিল্লিতে বিজেপি সদর দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন বিষ্ণুপুরের এ এমপি।
সৌমিত্রের এই দলবদল নিঃসন্দেহে তৃণমূলের জন্য বড় অস্বস্তি।
লোকসভা নির্বাচনের কাছাকাছি এসে বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘাত যখন তুঙ্গে, তখন তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরিয়ে বিজেপি উল্লসিত। এই প্রথম তৃণমূলের কোনো লোকসভা সদস্য বিজেপিতে যোগ দিলেন। খবর এনডিটিভির।
সৌমিত্র খান যে দলবদল করতে পারেন, তা নিয়ে গুঞ্জন মাসখানেক ধরেই বাড়ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি পোস্ট বিষয়টি প্রথমে প্রকাশ্যে এনেছিল।
‘রাজনীতিতে টিকে থাকতে হলে তৈলমর্দনই একমাত্র পথ’ তৃণমূল সংসদ সদস্যদের পোস্টটির সারকথা ছিল এই রকমই।
দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব বাড়ছে এবং তিনি ক্রমশ বিজেপির কাছাকাছি যাচ্ছেন এমন তত্ত্বও ভাসছিল রাজনীতির হাওয়ায়।
