শুক্রবার   ১৭ জুলাই ২০২৬   শ্রাবণ ২ ১৪৩৩   ০১ সফর ১৪৪৮

আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:২১ এএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

ফ্রান্সের বোর্দো বন্দরে নোঙর করা একটি প্রমোদতরীর ১ হাজার ৭০০ যাত্রী ও ক্রু অবরুদ্ধ হয়ে পড়েছেন। নরোভাইরাসে আক্রান্ত হয়ে এক যাত্রী মারা গেছেন- এমন খবরের পর ফরাসি কর্তৃপক্ষ জাহাজটি অবরুদ্ধ করে রেখেছে।

যুক্তরাজ্যের ‘অ্যাম্বাসেডর ক্রুজ লাইন’ অপারেটরের ‘অ্যাম্বিশন’ নামের জাহাজটিতে যাত্রী আছেন ১ হাজার ২৩৩ জন। তাদের অধিকাংশ যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের নাগরিক। স্থানীয় সময় মঙ্গলবার প্রমোদতরীটি বোর্দো বন্দরে পৌঁছায়।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, প্রমোদতরীর ৯০ বছর বয়সী এক যাত্রী মারা গেছেন। প্রায় ৫০ জনের মধ্যে নরোভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে। নরোভাইরাস মূলত ‘গ্যাস্ট্রোএন্টারাইটিস’ এর একটি ধরন। এর ফলে বমি ও ডায়েরিয়া হয়। এটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস।

প্রমোদতরীটি গত ৬ মে স্কটল্যান্ডের শেটল্যান্ড দ্বীপপুঞ্জ থেকে যাত্রা করে। বোর্দোতে পৌঁছানোর আগে এটি উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট, যুক্তরাজ্যের লিভারপুল এবং ফ্রান্সের ব্রেস্ট বন্দরে যাত্রাবিরতি দেয়। বোর্দো থেকে স্পেনে যাওয়ার কথা ছিল।