হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৭:৪৭ এএম, ১৩ মে ২০২৬ বুধবার
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছাকাছি একটি প্রমোদতরীতে বিরল হান্টাভাইরাসের প্রাদুর্ভাবকে ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত তিনজন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চললেও পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
মঙ্গলবার (১২ মে) মাদ্রিদে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, এই বিরল ভাইরাস নিয়ে কাজ এখনো শেষ হয়নি। তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত কোনো বড় ধরনের বৈশ্বিক প্রাদুর্ভাবের ইঙ্গিত পাওয়া যায়নি।
প্রমোদতরী এমভি হন্ডিয়াসকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। জাহাজটিতে সংক্রমণের পর যাত্রীদের ধাপে ধাপে সরিয়ে নেওয়া হলেও নতুন করে সংক্রমণ শনাক্তের আশঙ্কা পুরোপুরি কাটেনি। ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে ১২০ জনের বেশি যাত্রী ও নাবিককে বিমানযোগে সরিয়ে নেওয়া হয়েছে। নিজ দেশে ফেরার পর এসব যাত্রীকে বিভিন্ন স্বাস্থ্যবিধির আওতায় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
ডব্লিউএইচওর পক্ষ থেকে বলা হয়েছে, ভাইরাসটির সুপ্তিকাল বা ইনকিউবেশন সময় দীর্ঘ হওয়ায় আগামী কয়েক সপ্তাহে নতুন সংক্রমণ শনাক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে উচ্চঝুঁকির সংস্পর্শে আসা ব্যক্তিদের ৪২ দিন পর্যন্ত স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসির ভারপ্রাপ্ত পরিচালক জয় ভট্টাচার্য জানিয়েছেন, মার্কিন যাত্রীদের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টিন নাও থাকতে পারে এ নিয়ে ভিন্ন অবস্থানও দেখা যাচ্ছে বিভিন্ন দেশের মধ্যে।
এদিকে জাহাজটি কোথায় নোঙর করবে এবং আক্রান্তদের চিকিৎসা দায়িত্ব কে নেবে এ বিষয়টি নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে জটিলতা তৈরি হয়েছে। কেপ ভার্দে কর্তৃপক্ষ প্রথমে জাহাজটিকে তাদের বন্দরে ভেড়ার অনুমতি দেয়নি। ফলে এটি উপকূলের কাছাকাছি নোঙর করে রাখা হয় এবং সেখান থেকেই অসুস্থ কয়েকজন যাত্রীকে ইউরোপে সরিয়ে নেওয়া হয়।
পরবর্তীতে স্পেন ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে জাহাজটিকে নোঙরের অনুমতি দেয়, যাতে যাত্রী ও নাবিকদের সরিয়ে নেওয়া সহজ হয়। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে দ্বীপপুঞ্জের আঞ্চলিক সরকার। তাদের মতে, এমন পরিস্থিতি স্থানীয়ভাবে অতিরিক্ত স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ প্রসঙ্গে বলেন, বর্তমান বিশ্বে স্বার্থপরতা বা ভয় নয়, বরং সংহতি ও সহযোগিতার মাধ্যমে এ ধরনের সংকট মোকাবিলা করা জরুরি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বর্তমানে এই পরিস্থিতিকে কোভিড-১৯ মহামারির শুরুর পর্যায়ের সঙ্গে তুলনা করার সুযোগ নেই। তবুও সতর্কতা বজায় রাখা এবং নজরদারি অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ সংক্রমণের গতিপ্রকৃতি এখনো পুরোপুরি স্পষ্ট নয়।
