বিজয়সহ যেসব তারকা ভারতের মুখ্যমন্ত্রী হয়েছেন
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:৫৬ এএম, ১১ মে ২০২৬ সোমবার
অভিনয় থেকে রাজনীতির অঙ্গনে নাম লেখানোর গল্পটা পুরোনো। অনেকেই অভিনেতা থেকে হয়েছেন মুখ্যমন্ত্রী। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিশাল জয়ের পর রবিবার (১০ মে) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। এ প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক সেই সব অভিনয়শিল্পীর কথা, যারা ভারতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১. থালাপতি বিজয়
বছর দুয়েক আগে তিন দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে রাজনীতিতে নাম লেখান দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। প্রতিষ্ঠা করেন নিজের রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে)। দল ঘোষণার পর থেকেই একের পর এক আলোচনার জন্ম দিয়েছেন তিনি। সবশেষ গত ২৩ এপ্রিল বিধানসভা নির্বাচনের মাধ্যমে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এই তারকা।
২. এম. জি. রামাচন্দ্রন (এমজিআর)
দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও প্রযোজক এমজিআর ছিলেন ভারতের প্রথম চলচ্চিত্র তারকা যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তিনি এআইএডিএমকে গঠন করেন এবং ১৯৭৭ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত টানা ১০ বছর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
৩. জানকী রামাচন্দ্রন
এমজিআর-এর স্ত্রী এবং তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জানকী রামাচন্দ্রন ছিলেন তামিলনাড়ুর প্রথম নারী মুখ্যমন্ত্রী। ১৯৮৭ সালে স্বামীর মৃত্যুর পর মাত্র ২৪ দিন এই দায়িত্ব পালন করেন তিনি।
৪. জয়রাম জয়ললিতা
তামিল সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী জয়ললিতা। তিনি এআইএডিএমকে-এর প্রধান হিসেবে ১৯৯১ থেকে ২০১৬ সালের মধ্যে মোট ছয় মেয়াদে ১৪ বছরেরও বেশি সময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন।
৫. মুথুভেল করুণানিধি
তামিল সিনেমার প্রখ্যাত চিত্রনাট্যকার করুণানিধি। তিনি ডিএমকে-এর নেতৃত্বে ১৯৬৯ থেকে ২০১১ সালের মধ্যে পাঁচবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৬. ভগবন্ত মান
পাঞ্জাবি সিনেমার জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী ভগবন্ত মান ২০২২ সালে আম আদমি পার্টির (AAP) হয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। বর্তমানে তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
৭. এন টি রামা রাও (এনটিআর)
তেলুগু সিনেমার মহাতারকা ১৯৮২ সালে তেলুগু দেশম পার্টি (টিডিপি) গঠন করেন। তিনি ১৯৮৩ থেকে ১৯৯৫ সালের মধ্যে তিন মেয়াদে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
