শনিবার   ০৯ মে ২০২৬   বৈশাখ ২৫ ১৪৩৩   ২২ জ্বিলকদ ১৪৪৭

ঢাকায় সংবাদ সম্মেলন

টরোন্টোতে ৪০তম ফোবানার ব্যাপক প্রস্তুতি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:৪৩ এএম, ৯ মে ২০২৬ শনিবার

 


ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশনন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) ফাউন্ডেশন ৪০তম বর্ষপূর্তি উৎসবে বিশ্বখ্যাত জাদু শিল্পী জুয়েল আইচ, শিল্পী বাপ্পা মজুমদার, হাসান, রবি চৌধুরী, নাসির খানসহ এক ঝাঁক তারকা অংশ নেবে।
টরেন্টো ফোবানা নিয়ে গত ৬ মে ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজক সংগঠনটি। এবারে ফোবানার আয়োজক সংগঠন কানাডা-বাংলাদেশ সোসাইটি।
সংবাদ সম্মেলনে ফোবানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য, প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ সোসাইটি-এসসি’র সভাপতি আবু জুবায়ের দারা এবং এটিএন  এমসিএল’র সিইও - সাজেদুর রহমান মুনিমসহ  বাংলাদেশী শিল্পী কলাকুশলী এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আমেরিকা এবং উত্তর আমেরিকার বাঙ্গালীদের প্রথম এবং জনপ্রিয় সংগঠন ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশনন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) ফাউন্ডেশন। সংগঠনটির জন্মলগ্ন থেকেই বাংলাদেশের সর্বস্তরের ব্যবসায়ী ও স্বনামধন্য শিল্পীদের নিয়ে প্রতিবছরই জমকালো সব আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ফোবানার ৪০ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে কানাডার টরেন্টোতে ২০২৬ এর ৪ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী বাংলাদেশী শিল্পী, ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের নিয়ে সম্মাননা প্রদান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন করতে যাচ্ছে।
ফোবানার এবারের আয়োজনে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবেন বিশ্বখ্যাত জাদু শিল্পী - জুয়েল আইচ, তাকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। এছাড়া  আমজাদ হোসেন- মরনোত্তর সন্মাননা, চিত্রনায়িকা ববিতা- আজীবন সম্মাননা, মি. ও মিসেস ফোবানা এওয়ার্ড ও একজন করে অভিনয় শিল্পী ও সঙ্গীত শিল্পীকেও ফোবানার পক্ষ থেকে আজীবন সন্মাননা প্রদান করা হবে। আয়োজনে আরো অংশগ্রহণ করবেন সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার, হাসান, রবি চৌধুরী, নাসির খান, তানভীর সজীব, সুলতানা চৌধুরী, শাহানাজ বেলী, পিন্টু ঘোষ, এস আই সুমন, লিজা, ঝিলিক, পপি। চিত্রনায়ক ডি এ তায়েব, চিত্রনায়িকা মাহিয়া মাহি, উপস্থাপক ও অভিনয়শিল্পী শফিউল আলম বাবু, চিত্রনায়িকা রাহা তানহা খান, নাট্যপরিচালক সোহেল আরমান, নাজমুল খান, নৃত্যশিল্পী- সোহেল, রিনি, শখ, চাঁদনী, বাদশা, ফ্যাশন কোরিওগ্রাফার- লুনা, মডেল- লিন্ডা, রাতুল, ত্রিনা, যাদুশিল্পী শাহীন শাহ। 
ফোবানার এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সম্মতি দিয়েছেন বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী, বিশেষ অতিথি বাংলাদেশ কালচারাল সেন্টারের আহ্বায়ক, জাসাস’র সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব - রেজাবুদৌলা চৌধুরী, এটিএন গ্রুপের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
ফোবানার আয়োজনে গোল্ড স্পন্সর হিসেবে অংশগ্রহণ করবেন ফোবানা ফাউন্ডেশনের চিফ পেট্রোন শাহনেওয়াজ গ্রুপের প্রতিষ্ঠাতা শাহ নেওয়াজ। অনুষ্ঠানটির প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে গোল্ডেন এজ, প্লাটিনাম স্পন্সর আজকাল।
সংবাদ সম্মেলনে আবু জুবায়ের দারা বলেন - ফোবানার ৪০ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে এবারের আয়োজন অতীতের সমগ্র আয়োজন হতে অন্যরকম এবং জাঁকজমক পূর্ণ হবে। যেখানে তিনি শিল্পী কলাকুশলী, উদ্যোক্তা, গণমাধ্যম  এবং পৃষ্ঠপোষকদের সহযোগিতা কামনা করেন। ৪০ তম ফোবানো উৎসবের ইভেন্ট পার্টনার এটিএন এমসিএল। সংবাদপত্র পার্টনার দৈনিক আজকাল এবং  মিডিয়া পার্টনার এটিএন বাংলা।