পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:১৪ এএম, ৭ মে ২০২৬ বৃহস্পতিবার
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে গুলিতে নিহত হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক (পিএ) চন্দ্রনাথ রথ। এ ঘটনায় তার গাড়িচালকও গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৭ মে) রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে চন্দ্রনাথের গাড়িকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানা গেছে। খুব কাছ থেকে গুলিবিদ্ধ হন চন্দ্রনাথ।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা চন্দ্রনাথ দীর্ঘদিন ধরে মধ্যমগ্রামে বসবাস করছিলেন এবং শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার গাড়িচালক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর মধ্যমগ্রাম ও এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
