বুধবার   ০৬ মে ২০২৬   বৈশাখ ২২ ১৪৩৩   ১৯ জ্বিলকদ ১৪৪৭

নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:২০ এএম, ৬ মে ২০২৬ বুধবার

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টিকে (২৭) মরণোত্তর ডক্টরাল ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান বৃহস্পতিবার (৭ মে) থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত চলবে। এ সময় প্রায় ৮ হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে। তাদের মধ্যে থাকছেন লিমন ও বৃষ্টিও।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুই শিক্ষার্থীর স্মরণে প্রতিটি সমাবর্তন অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হবে। শুক্রবারের ডক্টরেট ডিগ্রি প্রদান অনুষ্ঠানে তাদের সম্মানে অ্যারেনায় পদক-সজ্জিত দুটি খালি চেয়ার রাখা হবে।

লিমন বিশ্ববিদ্যালয়ের ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি ও বৃষ্টি নিখোঁজ হন। পরে এক বন্ধুর মাধ্যমে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে।

এ ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার কাছ থেকে কালো ব্যাগের ভেতর জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

আদালতের নথিতে বলা হয়েছে, লিমনের মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পরে ২৬ এপ্রিল একই এলাকার কাছ থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের অংশ নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করে পুলিশ।

এ ঘটনায় হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। তার কাছ থেকে একটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।