বুধবার   ০৬ মে ২০২৬   বৈশাখ ২২ ১৪৩৩   ১৯ জ্বিলকদ ১৪৪৭

৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:১৭ এএম, ৬ মে ২০২৬ বুধবার

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠর আবক্ষ ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে মেলার স্টল নির্মাণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজিত একটি মেলার শেষ দিনে তোলা ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয় সূত্র জানায়, বিসিকের উদ্যোগে ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য শহীদ স্মৃতি পৌর উদ্যানে মেলার আয়োজন করা হয়। উদ্যানে স্থাপিত সাত বীরশ্রেষ্ঠর আবক্ষ ভাস্কর্যের সামনেও স্টল নির্মাণ করা হয়। গত ২৪ এপ্রিল মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মেলার উদ্বোধন করেন। রোববার (৪ মে) ছিল মেলার শেষ দিন।

সেদিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, স্টল টানানোর জন্য ব্যবহৃত দড়ি বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের গলায় বেঁধে রাখা হয়েছে। সেই দড়িতে ঝোলানো ছিল কাপড় ও অন্যান্য সামগ্রী। ভাস্কর্যের আশপাশে ময়লার স্তূপও দেখা যায়। ছবিটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দা, সংস্কৃতিকর্মী ও সামাজিক সংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করেন।

আল আমীন খান নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, বীরের গলায় মেলার দড়ি! এ লজ্জা কি শুধু টাঙ্গাইলবাসীর? উদীচী টাঙ্গাইল জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক মীর নাসিমুল ইসলাম লেখেন, এটা শুধু অব্যবস্থাপনা নয়, ইতিহাসের অপমান। যাঁরা জীবন দিয়ে দেশ স্বাধীন করলেন, তাঁদের গলায় আমরা দড়ি বাঁধছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল আমীন বলেন, যাদের রক্তে দেশ স্বাধীন হলো, আজ ব্যবসার প্রয়োজনে তাদের ভাস্কর্যের গলায় দড়ি বাঁধা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও অসম্মানজনক ঘটনা।

সরকারি এম এম আলী কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ শামসুল হুদা বলেন, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য আড়াল করে স্টল নির্মাণই অনুচিত ছিল। তার ওপর ভাস্কর্যের গলায় দড়ি টানানো মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবমাননার শামিল। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে বিসিকের টাঙ্গাইল জেলার সহকারী মহাব্যবস্থাপক শাহনাজ বেগম বলেন, মেলার নয় দিনের মধ্যে কে বা কারা এ কাজ করেছে, তা আমাদের জানা নেই। বিষয়টি নজরে আসার পরপরই দড়ি খুলে ফেলা হয়েছে। তবে এ ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি।