গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০০ এএম, ২ মে ২০২৬ শনিবার
গোলাপগঞ্জ সোসাইটির নবনির্বাচিত কমিটি গঠিত হয়েছে। অত্যন্ত আনন্দঘন পরিবেশে নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটি ইন্ক এর ২০২৬-২০২৮ এর কার্যকরী পরিষদের জন্য মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬শে এপ্রিল রবিবার জ্যামাইকাস্থ এক রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থীগণ নমিনেশন ফরম জমা দেন। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং অন্যান্য সম্পাদক ও সদস্য পদে সর্বমোট ৩১জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দেন। সংগঠনের সদস্যদের ঐক্যমতের মাধ্যমে প্রত্যেক পদে একজন করে প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। যেহেতু প্রত্যেকটি পদে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নমিনেশন ফরম জমা দিয়েছেন। তাদের বিপরীতে অন্য কোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন সব কিছু যাচাই বাছাই করে দাখিলকৃত প্রার্থীদেরকে নির্বাচিত বলে ঘোষণা করেন। নব নির্বাচিত সভাপতি হলেন শেখ আতিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হলেন ফয়ছল আহমদ। এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন। সমস্ত নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হাছিব মামুন অন্যতম নির্বাচন কমিশনার হাজী আব্দুর রহমান ও আব্দুল আহাদ সাহেদ । নমিনেশন দাখিলের এই অনুষ্ঠানে সংগঠনের বর্তমান কমিটির কর্মকর্তা, উপদেষ্টাসহ বিপুল সংখ্যক গোলাপগঞ্জবাসী উপস্থিত ছিলেন।
